জেকেজি ও সাহেদের দুর্নীতি সরকারই উদ্ঘাটন করে ব্যবস্থা নিয়েছে -------------- তথ্যমন্ত্রী

আপডেট : ১৩ জুলাই ২০২০, ২২:২৩

বিশেষ প্রতিনিধি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, করোনা শনাক্ত ও চিকিত্সা বিষয়ে জেকেজি ও সাহেদের দুর্নীতি ও প্রতারণা সরকারই উদ্ঘাটন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, এর কোনোটিই পত্রিকার রিপোর্ট বা অন্য কেউ অভিযোগের আঙুল তোলার পরে নয়, সরকার নিজেই এখানে অনিয়ম খতিয়ে দেখার প্রেক্ষিতেই বিষয়গুলো উঠে এসেছে। হাছান মাহমুদ গতকাল দুপুরে সচিবালয় তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী আরো জানান, ‘জেকেজির প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান দুই জনকেই গ্রেফতার করা হয়েছে, সাহেদের দুইটি হাসপাতাল সিলগালা করা হয়েছে, মামলা হয়েছে। সাহেদকে গ্রেফতার করতে পারবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দৃঢ়ভাবে বলা হয়েছে। এরপর নানাজনে নানা বক্তব্য দিচ্ছেন, বিএনপিও মুখ খুলছে। কিন্তু এগুলো সরকারই উদ্ঘাটন করেছে।’ ড. হাছান বলেন, ‘তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এদেরকে সংশ্লিষ্ট করার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের আরো সতর্ক হওয়ার অবশ্যই প্রয়োজনীয়তা ছিল। ’