কানাডায় শেখ হাসিনাকে হত্যার হুমকি!

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২২:২৫

কানাডা প্রতিনিধি

কানাডায় এক সেনা কর্মকর্তা ফেসবুকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে। এই সাবেক সেনা কর্মকর্তার নাম ক্যাপ্টেন শহিদুল ইসলাম। তিনি বহু বছর ধরে টরন্টোতে বসবাস করেন এবং একসময় ইমিগ্রেশনের ব্যবসা করতেন। ড্যানফোর্থে তার একটি অফিস ছিল। এছাড়াও ঢাকার হলিডেতে কলামও লিখতেন।

৩ ডিসেম্বর সকালে তিনি তার ফেসবুক একাউন্টে ইংরেজিতে (War Declared: Sheikh Hasina, you destroyed our motherland, I/We destroy you, Inshallah.) একটি স্ট্যাটাস দিলে তা দ্রুত ফেসবুকে ভাইরাল হয়। উল্লেখ্য, প্রথমে ‘I’ (আমি), পরে তা পাল্টিয়ে ‘We’ (আমরা) করে দেয়! তা নিয়ে ফেসবুকে তোলপাড় শুরু হলে, পোস্টটি ডিলিট করে দেয় এবং আইডি লুকিয়ে রাখে।

উল্লেখ্য, স্ট্যাটাসটি ছড়িয়ে পড়ার পর থেকে তাবত্ কানাডাসহ অন্যান্য দেশেও প্রতিবাদের ঝড় উঠে। সাথে সাথে টরন্টোতে প্রতিবাদ মিছিল বের হয়েছে।

অভিজ্ঞ মহল মনে করছেন, শেখ হাসিনাকে হত্যার হুমকির পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। কারণ এই টরন্টো শহরেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি নূর চৌধুরী বসবাস করছে। নূরের সাথে এই শহিদের যোগাযোগ আছে বলে অনেকেই মনে করছেন।

এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কানাডাস্থ বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বলেন, আমরা এই খবরটা পেয়েছি এবং গভীর ভাবে পর্যবেক্ষণ করছি।

এদিকে কানাডা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এব্যাপারে ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছে। আর দলের প্রচার সম্পাদক শামসু বেলাল ইত্তেফাককে জানান, শহিদ ইসলাম সম্পর্কে কানাডার নিরাপত্তা বিভাগকে অবহিত করা হবে এবং পুলিশকে জানানো হবে।