দামুড়হুদায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২২:২৬

চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দামুড়হুদা সংবাদদাতা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুলিশের সঙ্গে সংঘটিত বন্দুকযুদ্ধে আব্দুল বারেক নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে দামুড়হুদা ইউনিয়নের মুক্তারপুরের নলডাঙ্গা মাঠে ঘটে এ ঘটনাটি। ঘটনাস্থল থেকে এক বস্তা ফেনসিডিল, ১টি পাইপ গান, ২ রাউন্ড গুলি, ২টি হাসুয়া উদ্ধার করা হয়েছে।   বন্দুক যুদ্ধের ঘটনায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ তদন্তসহ ৪ জন পুলিশ  সদস্য আহত হয়েছেন। পুলিশ জানায়, নিহত আব্দুল কাদের দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের আব্দুল গনির ছেলে। ওসি তদন্তসহ আহত পুলিশ সদস্যদেরকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিত্সা দেয়া  হয়েছে।

যোগাযোগ করলে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান, সীমান্ত থেকে মাদকদ্রব্যের বড় একটি চালান আসার খবরে দামুড়হুদা থানার পুলিশের একটি দল ঘটনার পূর্ব মুহূর্তে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মুক্তারপুর গ্রামের নলডাঙ্গা মাঠে যায়। মাদক ব্যবসায়ী ওই চোরাকারবারী দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি ও বোমা ছোড়ে। এ অবস্থায়, পুলিশ পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে মাদক পাচারকারীরা পিছু হটে যায়। পরে ওই রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে। গোলাগুলির শব্দ পেয়ে গ্রামবাসী সংগঠিত হয়ে ঘটনাস্থলে আসে। আগত গ্রামবাসী আহত গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে কার্পাসডাঙ্গার মাদক ব্যবসায়ী আব্দুল বারেক বলে শনাক্ত করে।  মুমূর্ষু অবস্থায় গুলিবিদ্ধ ওই মাদক ব্যবসায়ী আব্দুল বারেককে ওই রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। বারেকের বিরুদ্ধে দামুড়হুদা থানায় অস্ত্র ও মাদকসহ ১৫টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক আওলিয়ার রহমান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আব্দুল বারেক মারা যায়।  গুলি বিনিময়ের সময় আহত হন দামুড়হুদা মডেল থানার ওসি তদন্ত গাজী শামীম রহমান, এসআই রাজিব আল রশীদ, এসআই শামসুল হক ও এসআই রামপ্রসাদ।