চট্টগ্রামে আগুনে পুড়েছে মেলার দোকান

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২২:২৬

চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার খাজা রোডের বলিরহাট এলাকায় ভ্রাম্যমাণ মেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩টি দোকান। শুক্রবার ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অতীশ চাকমা জানিয়েছেন, বলিরহাটের মুখে বসা অস্থায়ী মেলায় আগুন লেগে ১৩টি দোকানের মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভোর ৪টার দিকে একটি দোকানে আগুন লাগে। পরে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। কালুরঘাট ফায়ার স্টেশনের দুইটি গাড়ি ভোর ৪টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।