সাতক্ষীরায় ‘আম্ফানে’ ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য বিতরণ

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০০:৫৩

ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনির কয়েকটি ইউনিয়নে পাঁচশতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার (১৩ জুলাই) মিশন হিউম্যানিটি, শহীদ কামরুজ্জামান অ্যান্ড জাহানারা ফাউন্ডেশন এবং অন্টারিও বাঙ্গালী কালচারাল সোসাইটি কানাডার (ওবিসিএস) অর্থায়নে আশাশুনির আনুলিয়া, শ্রীউলা, শ্যামনগরের গাবুরা, পদ্মপুকুর, মুন্সিগঞ্জসহ ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য বিতরণ করা হয়।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি ট্যাগ অফিসার সোহাগ আলম। স্থানীয় সমাজসেবক আজিজুল হক সরদার, আলী আফসার, মাস্টার শওকত আলী, সাবেক ইউপি সদস্য আনোয়ার ঢালী এবং ডি এম মফিজুর রহমান, ছাত্রনেতা রোকনুজ্জামান রোকন প্রমুখ।

এবিষয়ে মিশন হিউম্যানিটির সাধারণ সম্পাদক কানিজ সুলতানা জানান, মিশন হিউম্যানিটি, শহীদ কামরুজ্জামান অ্যান্ড জাহানারা ফাউন্ডেশন এবং অন্টারিও বাঙ্গালী কালচারাল সোসাইটি কানাডার (ওবিসিএস) যৌথ প্রকল্প শেয়ারিং হোপ ‘পাশে আছি’-এর ব্যানারে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনির বিভিন্ন ইউনিয়নের প্রায় ৫শ পরিবারকে শুকনা খাবার দিচ্ছি। আমাদের কাজে ঐসব এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ ও প্রশাসনের কর্মকর্তা উপস্থিত থেকে আমাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

ইত্তেফাক/এমআর