ইত্তেফাক রিপোর্ট
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার আর নির্বাচন কমিশনের (ইসি) মিথ্যা আশ্বাসে সব দল নির্বাচনে এলো। কিন্তু পুলিশ, ডিবি, বিজিবি, র্যাব, বিচার বিভাগ, সিভিল প্রশাসন, দুদক আর নির্বাচন কমিশনকে সম্পূর্ণ কাজে লাগিয়ে ইতিহাসের ঘৃণ্যতম এই নির্বাচন সংঘটিত করা হলো। গতকাল শুক্রবার নয়া পল্টনে দলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন,সারাদেশে অধিকাংশ আসনের অনেক কেন্দ্রে আগের রাতে ব্যালট দিয়ে বাক্স ভর্তি করে রাখা হয়েছে। ফলে ভোটের দিন বহু কেন্দ্রে সকাল ১০/১১ টার মধ্যে ব্যালট পেপার শেষ হয়ে যায়। হাজার-হাজার লোক ভোট দিতে এসে ভোট দিতে পারেনি। সব কেন্দ্রে ভোট গ্রহণ খুব ধীর গতিতে করা হচ্ছিল। কারণ, শুরু থেকেই বাইরে থেকে ভোটার আসার সময় পাশাপাশি ভিতরে ব্যালট অবৈধ সিল মারার কাজ চলছিল। ভোটের আগের রাত পর্যন্ত পুলিশ, ডিবি, আওয়ামী লীগ কর্মীদের ভূমিকায় বহু কেন্দ্রে এজেন্ট দেওয়া সম্ভব হয়নি। ভোটের দিন এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি অথবা মারপিট করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
রিজভী বলেন,নিজেদের কাজকে সফল দাবি করে বৃহস্পতিবার কর্মীদের ‘ধন্যবাদ’ জানাতে নির্বাচন কমিশন যে বার-বি-কিউ উত্সবের আয়োজন করেছিলেন তাতে রয়েছে আদিম বর্বরতার ছাপ। কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন ‘নির্লজ্জ’ বলেই এ কাজটি করতে পেরেছে।
