আশুলিয়ায় বালুভর্তি ট্রাক চাপায় নারীসহ নিহত ২

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ২৩:৩৪

সাভার উপজেলার আশুলিয়ায় বালুভর্তি ট্রাকের চাপায় এক নারীসহ দুজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে বাইপাইল-টঙ্গী সড়কের জিরাবো ইটাখোলা এলাকায় সড়ক দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। আহতদের উদ্ধার করে চিকিত্সার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে দ্রুতগতির একটি বালুভর্তি ট্রাক আশুলিয়া থেকে বাইপাইল যাওয়ার পথে জিরাবো ইটখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীসহ কয়েকটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুদ রানা (৩০) নামে এক রিকশাচালক নিহত হয়। এসময় এক নারীসহ আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় নারী-শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিত্সাধীন অবস্থায় মৌসুমি আক্তার (২৫) নামের নারীর মৃত্যু হয়। নিহত পথচারী মৌসুমি আক্তার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বাসিন্দা। এদিকে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিত্সা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাজ্জাদুর রহমান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই রিকশাচালক মাসুদ রানা এবং হাসপাতালে নেওয়ার পর পথচারী মৌসুমী আক্তারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরো তিনজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছে। এঘটনায় আশুলিয়া থানায় মামলা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাটিবাহী মাহেন্দ্র গাড়ির চাপায় ভূমিকা শীল নামে ১৩ মাস বয়সী এক মেয়ে শিশু নিহত হয়েছে। শুক্রবার উপজেলার শোল্লা ইউনিয়নের আওনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভূমিকা ঐ এলাকার পংকজ শীলের মেয়ে। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে রাস্তার পাশে বাড়ির উঠানে খেলা করছিল ভূমিকা। রাস্তার পাশ দিয়ে মাটিবাহী একটি মাহেন্দ্র গাড়ি যাওয়ার সময় ভূমিকাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গাড়ির চালক পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। ঘাতক গাড়িটিও জব্দ করা হয়। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ আবুল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।