আড়াইহাজার বাজারে যানজটের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। স্বাভাবিক সময়ে বাজার অতিক্রম করতে যেখানে মাত্র কয়েক মিনিট লাগে সেখানে যানজটের কারণে অনেক সময় লেগে যায় ৩০ থেকে ৪০মিনিট। আবার অনেক সময় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়।
জানা গেছে, কর্মক্ষেত্র যাওয়া বা ফিরে আসা মানুষগুলোর দুর্ভোগের সীমা থাকে না আড়াইহাজার সদর বাজারে এলে। হোক ঢাকা, গাউছিয়া কিংবা মধাবদী, যেখান থেকেই ফিরে আসুক না কেন, একজন যাত্রীকে বাজারে এলে সব সময় যানজটে পড়তেই হয়। বিকল্প রাস্তাও অপ্রতুল। প্রতিদিনই আড়াইহাজার সদর বাজারে সৃষ্টি হয় বিশাল যানজটের। যানজটের জন্য বাজারের ব্যবসায়ীদের পাশাপাশি রিকশা, ভটভটির যত্রতত্র পার্কিং এবং ওয়ার্কসপ পট্টি ও ডাকবাংলোর সামনের অটোস্ট্যান্ডকে দায়ী করেছেন এলাকাবাসী। একাধিক সূত্র জানায়, আড়াইহাজার বাজারের ভেতর দিয়ে চলে গেছে সদর রাস্তা। ফলে বাজারে ভিড় থাকলেই যানজট অবধারিত। বাজারে বেচাকেনা একটু বেশি থাকলেই রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
পর্যবেক্ষক মহলের মতে, বর্তমানে উপজেলাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে সদর বাজারের রাস্তাটি। প্রথম দিকে রাস্তার পাশের ফুটপাত খালি ছিল। কোন তরকারি বিক্রেতা বা হকারকে বসতে দেওয়া হয়নি। কিন্তু এখন বাজারের ভেতরের রাস্তার দুপাশেই তরকারি বা ফল বিক্রেতাদের দেখা যায়। ফুটপাতে ক্রেতা দাঁড়ালেই রাস্তা ব্লক হয়ে যায়। তখন থানার মোড়ে বাস কিংবা ট্রাক আসলেই দু’পাশে সবকিছু থেমে যায়। বাঁধে বিশাল যানজট। কখনো কখনো সেই যানজট চৌরাস্তার কাছাকাছি চলে আসে। বিকেল বেলায় যানজটের দুর্ভোগটা বেশি। আড়াইহাজার থানার ওসি মোঃ আক্তার হোসেন জানান, যানজট নিরসনের জন্য আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি।
