নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফুচকার সাথে বিষ মিশিয়ে তা খাইয়ে উম্মেহানি (২৪ ) নামের এক গৃহবধূকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ভুরভুরিয়ার টেক গ্রামে বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে তুহিনের সঙ্গে গত ৫ বছর আগে মাধবদীর ছানাউল্লাহর মেয়ে উম্মেহানির (২৩) বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শাশুড়ি উম্মেহানিকে মোটা অংকের যৌতুকের দাবিতে নির্যাতন করতো। তাদের দুটি সন্তান রয়েছে। ইতোমধ্যেই তুহিন উম্মেহানিকে রেখেই দ্বিতীয় বিয়ে করে। ঘটনার দিন রাতে উম্মেহানি স্বামীর কাছে ফুচকা খাওয়ার বায়না করলে ফুচকার সাথে বিষ মিশিয়ে তাকে খেতে দেওয়া হয়। ফুচকা খেয়ে সে বিষক্রিয়ায় আক্রান্ত হলে তাকে আশপাশের লোকজন নরসিংদী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নিহতের মা খোদেজা বেগম বাদী হয়ে নিহতের স্বামী তুহিন ও শাশুড়ি জুলেখার বিরুদ্ধে আড়াইহাজার থানায় হত্যা মামলা করেছেন। আড়াইহাজার থানার ওসি আকতার হোসেন মামলা গ্রহণের কথা স্বীকার করেছেন এবং অতিসত্বর আসামিদেরকে গ্রেফতার করার আশ্বাস দেন। আসামিরা পলাতক রয়েছে।
