পুলিশের চিকিত্সায় গঠিত হচ্ছে পুলিশ মেডিক্যাল সার্ভিস :আইজিপি

আপডেট : ১৪ জুলাই ২০২০, ২২:২৯

বিশেষ প্রতিনিধি

জননিরাপত্তা বিধান এবং জনশৃঙ্খলা রক্ষাসহ দেশের যে কোনো প্রয়োজন ও সংকটে দিনরাত দায়িত্ব পালন করতে হয় পুলিশ সদস্যদের। পেশাগত বৈচিত্র্যের কারণে ও অত্যন্ত ঝুঁকি নিয়ে এবং মানসিক চাপের মধ্যে নিয়মিত দীর্ঘদিন দায়িত্ব পালন করার ফলে পুলিশের অনেক সদস্য নানা দুর্ঘটনার শিকার হন এবং নানা অসুস্থতায় ভোগেন। এতে করে একদিকে অসুস্থ সদস্যদের নিজেদের কষ্টের পরিমাণ যেমন বেড়ে যায়, অপরদিকে তাদের জন্য জনগণকে মানসম্মত সেবা প্রদান কঠিন হয়ে পড়ে। তাই, পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা ও সুরক্ষা নিশ্চিত করে জনগণকে মানসম্মত পুলিশি সেবা প্রদানের ধারাবাহিকতা অটুট রাখতে পুলিশ সদস্যদের জন্য মানসম্মত একটি চিকিত্সাব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশের বর্তমান চিকিত্সাব্যবস্থায় কোন কোন ক্ষেত্রে আধুনিকায়ন প্রয়োজন. শয্যা সংখ্যা, ইকুইপমেন্ট, অপারেশন থিয়েটারসহ অন্যান্য ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন এবং উন্নয়ন দরকার তা জানার লক্ষ্যে পুলিশ হাসপাতালের চিকিত্সক, নার্স, ফার্মাসিস্ট, মেডিক্যাল টেকনোলজিস্ট, প্যাথলজিস্ট, মেডিক্যাল এটেনডেন্ট, সমাজসেবা কর্মকর্তাদের নিয়ে সোম ও গতকাল মঙ্গলবার দুই দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। আইজিপি উভয় দিনই প্রধান অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য রাখেন।