ঈদের নাটকে তাদের গল্প

আপডেট : ১৫ জুলাই ২০২০, ১৯:৩৩

র ফি কু ল  ই স লা ম

 

আগামী ঈদের একটি ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য ইমরাউল রাফাত তার নিজের রচনায় ও পরিচালনায় নির্মাণ করেছেন ঈদ বিশেষ নাটক ‘নিউলি ম্যারিড’ নামের একটি নাটক। এই নাটকে দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন টেলিভিশনের এই সময়ের প্রিয় দুই মুখ তৌসিফ মাহবুব ও সাফা কবির। এরইমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে বলে জানান নির্মাতা ইমরাউল রাফাত। সাধারণত নির্মাতা ইমরাউল রাফাত নিজের নির্দেশিত নাটকের গল্প নিজেই রচনা করেন। এই নাটকের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। রাফাত বলেন, ‘নিজের ভাবনা থেকে যে গল্পগুলো আমি লিখে থাকি তা নিজের মনের মতো করেই আমি লিখি। ক্যামেরার পিছনে যখন নির্মাণ করতে বসি তখন গল্পটা মাথায় থাকায় শিল্পীদের কাছ থেকে যথাযথভাবে অভিনয় বের করে আনতে আমার জন্য অনেক কমফোর্টেবল হয়। সবচেয়ে বড় কথা আমি যাদের নিয়েই কাজ করি তারা সবাই বেশ আন্তরিকতা নিয়েই কাজ করেন। যে কারণে গল্পে চরিত্রগুলো ফুটে উঠে যথাযথভাবে। ‘নিউলি ম্যারিড’ নাটকে সাফা এবং তৌসিফ দু’জনই চমত্কার অভিনয় করেছে। আশা করছি দর্শকের ভালো লাগবে।’ করোনার মধ্যে অনেক সতর্কতা অবলম্বন করেই সাফা ও তৌসিফ ঈদ নাটকের শুটিং করছেন। সাফা কবির বলেন, ‘এর আগেও রাফাত ভাইয়ের নির্দেশনায় অনেক নাটকে কাজ করেছি, সেসব নাটকে অভিনয়ের জন্য বেশ সাড়াও পেয়েছি, এখনো পাচ্ছি। তার গল্পের প্রতি যেমন একটা আস্থা জন্মেছে, ঠিক তেমনি তার নির্মাণের প্রতিও রয়েছে অগাধ বিশ্বাস। সেই ভালোলাগা থেকেই নিউলি ম্যারিড নাটকে অভিনয় করা। আমি এবং তৌসিফ বেশ আন্তরিকতা নিয়ে গল্পটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশা করছি দর্শকের ভালোলাগবে।’ ইমরাউল রাফাত জানান, আসছে ঈদে ‘গোল্লাছুট’ ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে। তৌসিফ সাফা অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘মিলুর সাইকেল’, ‘লাস্ট ট্রেইন’, ‘চেক ইন টু লাভ’, ‘গোঁফ’, ‘লাভ অ্যান্ড সেক্রিফাইজ, ‘সোলমেট’, ‘ভালোবাসি তোকে’ ইত্যাদি। ইমরাউল রাফাতের নির্দেশনায় ‘পেইন’, ‘ক্যামেস্ট্রি’ নাটকে অভিনয় করেও দর্শকের প্রশংসা কুড়িয়েছেন দু’জন। ইমরাউল রাফাতের নির্দেশনায় সাফা কবির অভিনীত সবচেয়ে দর্শকপ্রিয় নাটক হচ্ছে ‘ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার’। এটি ২০১৮ সালের ১৯ এপ্রিল ইউটিউবে প্রকাশিত হয়। এতে সাফার বিপরীতে আছেন জোভান।