এবার পরিচালনায়

আপডেট : ১৫ জুলাই ২০২০, ১৯:৩৫

লো পা  চৌ ধু রী

 

একজন বহুমাত্রিক চরিত্রের অভিনেতা হিসেবে আনিসুর রহমান মিলন অনেক আগেই অভিনয়ে নিজের মেধার পরিচয় দিয়েছেন। যে কারণে তার অভিনীত চরিত্রের  প্রতি দর্শকের এক ধরনের আস্থা আছে। সেই আস্থা আছে বলেই নির্মাতা চয়নিকা চৌধুরী তার ‘গল্প নয়’ নাটকে মিলনকে দিয়ে চ্যালেঞ্জিং চরিত্রটিতে অভিনয় করিয়ে মিলনের অভিনয়ের মাইলফলকের পথে এগিয়ে যাওয়ার পথটিকে যেন আরো সুগমই করে দিলেন। ‘গল্প নয়’ নাটকটি প্রচারের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম এমন-কি মিলনের মুঠোফোনেও তার অভিনয়ের প্রশংসার বাণী শুনছেন মিলন। দর্শকের ভালোবাসায় নতুন করে অনুপ্রাণিত বরেণ্য এই অভিনেতা এবারের ঈদে অভিনয়ের পাশাপাশি দর্শককে তার নিজের পরিচালনায় তিনটি নাটক উপহার দিতে যাচ্ছেন। নাটক তিনটি হচ্ছে ‘মুনিরা মঞ্জিল’ (রচনা:এজাজ মুন্না), ‘গালিবের গপ্পো’ (রচনা:মাসুম শাহরিয়ার) ও ‘দুই মজনু’ (রচনা:জাকির হোসেন উজ্জ্বল)। মুনিরা মঞ্জিলে নাম ভূমিকায় অভিনয় করবেন মুনিরা মিঠু। থাকবেন জাকিয়া বারী মমও। ‘গালিবের গপ্পো’-তে থাকবেন শবনম ফারিয়া এবং ‘দুই মজনু’র এক মজনু জাহিদ হাসান। প্রত্যেকটি নাটকেই মিলন পরিচালনার পাশাপাশি অভিনয়ও করবেন। নাটক তিনটি প্রচার হবে যথাক্রমে এটিএন বাংলা, বৈশাখী টিভি ও আরটিভিতে। গত বছর আনিসুর রহমান মিলন ‘আব্বা উকিল ডাকবো’ নাটকটি নির্মাণ করেছিলেন। নাটক নির্মাণ প্রসঙ্গে গুণী অভিনেতা আনিসুর রহমান মিলন বলেন, সত্যি বলতে কি বিগত বেশ কিছুদিন জীবনের প্রয়োজনেই কিছু কিছু নাটকে অভিনয় করতে হয়েছে। গল্প, চরিত্র খুব বেশি ভালো না লাগার পরও কাজ করতে হয়েছে। একদমই রিল্যাক্স হতেও পারছিলাম না। কিন্তু করোনার কারণে বলা যায় প্রায় চার মাস নিজের পরিচালনা নিয়ে মনের মতো ভাবার সুযোগ ছিল। সেই ভাবনা থেকেই চ্যানেলগুলোর আগ্রহে ভালো তিনটি গল্প নিয়ে দর্শকের ভালোলাগার কথা বিবেচনা করে নাটক নির্মাণ করতে যাচ্ছি। আমার প্রচন্ড আত্মবিশ্বাসের জায়গা থেকেই বলছি, প্রতিটি নাটকের গল্প সুন্দর এবং আমি মনেরমতো তিনটি নাটক নির্মাণ করতে যাচ্ছি। আর প্রত্যেকটি নাটকের শিল্পী নির্বাচনের বিষয়টি আমারই চূড়ান্ত সিদ্ধান্তের। শুধুমাত্র চ্যানেলের আগ্রহের কারণেই প্রতিটি নাটকে আমার অভিনয় করা। এদিকে আনিসুর রহমান মিলন করোনার মধ্যকার বিরতির পর সঞ্জিত সরকারের নির্দেশনায় ‘চিটিং মাস্টার’ ধারাবাহিকে অভিনয়ের মধ্যদিয়ে কাজে ফেরেন।