তিন জেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

আপডেট : ১৫ জুলাই ২০২০, ২১:৪৫

ইত্তেফাক ডেস্ক

মত্স্য চাষ প্রকল্পের কর্মকর্তাসহ তিন জেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তাড়াশ-ভুঁইয়াগাতী সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছদরুল আমিন (৪৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। তিনি নিমগাছী মত্স্য চাষ প্রকল্প (রাজস্ব) প্রশাসনিক কর্মকর্তা। তার বাড়ি গাইবান্ধা জেলা সদরে বলে জানা গেছে। তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝিনাইদহের ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, শৈলকুপায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামাল শেখ (৪৮) নামে এক মোটরসাইকেল ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শৈলকুপা আবাইপুর সড়কের লক্ষণদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার কবিরপুরের মহসিন শেখের ছেলে। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

টাঙ্গাইলের ভূঞাপুর সংবাদদাতা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ইসলাম শফিক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকালে ভূঞাপুর-তারাকান্দ সড়কে এ দুর্ঘটনা ঘটে। ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কুমার বিশ্বজিত্ পাল বিষয়টি নিশ্চিত করেছেন।