বিশেষ প্রতিনিধি
মেট্রোরেল প্রকল্পে সংশ্লিষ্ট ৬১ জন কর্মকর্তা ও শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা আরো বাড়ার আশঙ্কায় ২৩ শয্যার দুটি ফিল্ড হাসপাতাল স্থাপনের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। গত ৩০ জুন পর্যন্ত করোনা পরীক্ষায় এই ৬১ জনের পজিটিভ পাওয়া গেছে বলে জানা যায়। সূত্র জানায়, করোনা ভাইরাসের কারণে সরকারের অগ্রাধিকার এ প্রকল্পের নির্মাণকাজ চলছে ধীরগতিতে। কাজে যোগ দেওয়ার আগে প্রত্যেক কর্মীর করোনা পরীক্ষা নিশ্চিত করা হচ্ছে। মেট্রোরেলের ম্যানেজিং ডিরেক্টর এম এন এ ছিদ্দিক জানিয়েছেন, কাজে গতি আনার জন্য আমাদের কর্মীদের করোনা পরীক্ষা করে কাজে ফেরানো হচ্ছে। আর জাপানের কারখানায় ট্রেনের সেট পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। শিপমেন্ট চালু না হওয়ায় দেশে আনা যাচ্ছে না। সেখানে দ্বিতীয় ও তৃতীয় ট্রেনের সেট নির্মাণকাজ চলছে।
