সাহেদ দেশের ভাবমূর্তি নষ্ট করেছে, তার বিচার হবেই :স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৫ জুলাই ২০২০, ২২:২৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাহেদ জঘন্য অন্যায় করেছেন, তার বিচার হবেই। সে  করোনা ভাইরাসের ভুয়া রিপোর্ট দিয়ে সারা বিশ্বে ভাবমূর্তি নষ্ট করেছেন। তবে দলে বা দলের বাইরে যে কেউ এ ধরনের প্রতারণা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। র?্যাবের হাতে সাহেদ  গ্রেফতারের পর গতকাল দুপুরে রাজধানীর ধানমন্ডির বাসায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতারকরা প্রতারণা করবেই। সুযোগ নেবে প্রতারণা করতে। তবে এ ব্যাপারে সজাগ আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবাইকে আইনের আওতায় আনা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাহেদ করোনা পরীক্ষা করাটাকে প্রতারণার কৌশল হিসেবে বেছে নিয়েছিল, যা কেউ বুঝতে   পারেনি। অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সাহেদের সঙ্গে অনেকেরই যোগাযোগ ছিল। না হলে এত বড় চেইন সে কীভাবে মেইনটেইন করেছে। আমার সঙ্গেও তার যোগাযোগ ছিল। সেটা আমি ইতিমধ্যে বলেছি। আমিও তার হাসপাতালে পাঁচ-ছয় জন রোগী পাঠিয়েছিলাম। যেহেতু সে সরকারের কাছ থেকে অনুমতি নিয়েছিল। সরকার স্বীকৃত ছিল। তারপরও তাকে ছাড়া হয়নি। আমরা বলেছি, অন্যায় করলে কাউকে ছাড়া হবে না। তাকে ধরা হয়েছে। আমরা এখন আমাদের আইনিপ্রক্রিয়া শেষ করে আদালতের কাছে হস্তান্তর করব। বিচার করবেন আদালত।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি শুরু থেকেই বলছি যে, তদন্তসাপেক্ষে সাহেদের বিচারের ব্যবস্থা করা হবে। সে কী করেছে, না করেছে সেগুলো তো আমরা জানি। তার পরও তো একটা অফিসিয়াল তদন্ত হয়। মামলা হয়েছে। তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হবে আদালতে।