বইয়ের সেলফ

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২০:২৪

সেলফ ভর্তি নানান বইয়ের মেলা

একলা তবু কাটতো বইয়ের বেলা

কেউ বলে না কথা কারো সাথে

ঘুমিয়ে থাকে সকাল দুপুর রাতে।

 

চুপ করে রোজ আমিও থাকি একা

পাই না তেমন বন্ধু সাথীর দেখা

খেলার মাঠে মনটা ছুটে গেলে

ভাল্লাগে না ল্যাপটপে গেম খেলে

মনের ভেতর মনকে ডেকে বলি

চল না রে মন, এমন কোথাও চলি।

 

বিশ্বটাকে জানতে ভীষণ চাই

সব জানে, সেই বন্ধু কোথায় পাই?

আমার কথায় জাগলো হঠাত্ বই

বইয়ের মুখে ফুটছে যেন খই!

সব বইয়েরা বলছে কথা হেসে

ডাকছে কাছে আমায় ভালোবেসে।

 

বলছে, শোনো, বন্ধু হব ভালো—

তোমার চোখে জ্বালো জ্ঞানের আলো

দেখবে তুমি তেপান্তরের মাঠ

সাতসমুদ্র তের নদীর ঘাট

সেলফ থেকে যেই বই নামিয়ে পড়ি

হঠাত্ যেন স্বপ্ন ডানায় চড়ি

দেখছি এ কোন রূপকথাদের দেশ

নানান রূপের নেই সেখানে শেষ!