পাখি

চড়ুই

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২০:২৪

ছোটখাটো পাখি চড়ুই। আমাদের দেশের পরিচিত পাখি। মানুষের সঙ্গে চড়ুইপাখির বন্ধুত্ব আছে বলেই জনবসতির মধ্যে থাকতে পছন্দ করে। বাড়ির চড়ুই Passer domesticus— দেহের পরিমাপ ৫ থেকে ৬ ইঞ্চি। স্ত্রী ও পুরুষে পার্থক্য রয়েছে। পুরুষের মাথা ধূসর ও নীল মিশ্রিত বর্ণের। ঘাড়, পিঠ ও ডানা খয়েরি লাল। লেজের গোড়া ধূসর। লেজ গাঢ় বাদামি। স্ত্রী পাখির রং ওপরের দিকে ধূসর বাদামি, যার ওপর থাকে কালচে দাগ। পেটের দিক সাদাটে।

শনের ঘরের চালে বাসা বানাতে স্বাচ্ছন্দ্যবোধ করে। শনের চাল ফাঁক করে সহজেই বাসা বানায়। মাটির ঘর বা ইটের ঘরের কর্নিশে, দেয়ালের ওপরে, চালের নিচে খড়কুটো, শুকনো ঘাস দিয়ে নিরাপদ জায়গায় বাসা বানায়। পুরুষরা বাসা বানাতে সাহায্য করে। পোকামাকড়, শস্যদানা খুঁটে খায়। বছরে একজোড়া চড়ুই তিনবার বাচ্চা  তোলে। কুকুর, বনবিড়াল শিকারি প্রাণী আক্রমণ করলে ভয়ার্ত স্বরে চেঁচামেচি করতে থাকে— এভাবে সতর্ক করে  দেয়। শত শত চড়ুইকে গাছে বাস করতে দেখা যায়। সন্ধ্যায় প্রচুর ডাকাডাকি করলেও সারা রাত চুপ থাকে। যাদের ডাকে প্রতিনিয়ত আমাদের ঘুম ভাঙে।

গেছো চড়ুই Passer montanus—মাথা ও ঘাড় লাল, থুতনি এবং গলা কালো। গ্রামবাংলায় বেশি দেখা যায়। ওরা গাছে দলবেঁধে থাকে। ঝাঁকবেঁধে ধান বা গম খেতে হামলা করে। শুধু ধানই খায় না, ক্ষতিকারক বিভিন্ন কীটপতঙ্গ খেয়ে ফসলের উপকার করে থাকে।