২৫ তারিখের মধ্যে চলতি মাসের বেতন দেওয়ার আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর

আপডেট : ১৬ জুলাই ২০২০, ২১:৩৯

ইত্তেফাক রিপোর্ট ঈদুল আজহার আগেই আগামী ২৫ তারিখের মধ্যে সব ধরনের শিল্পকারখানার শ্রমিকদের বেতন পরিশোধের জন্য কারখানা মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। বুধবার রাতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান। বৈঠক সূত্র জানায়, শ্রমিকরা, চলতি মাসের বেতন ও ঈদের আগে বোনাস দেওয়ার দাবি জানান। তখন মন্ত্রী মালিকপক্ষের প্রতি এ আহ্বান জানান। রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে ঐ বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া সভায় সম্প্রতি সরকারি পাটকল বন্ধের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য শ্রমিক নেতারা আহ্বান জানান। তবে এ বিষয়ে কোনো আশার কথা শুনাতে না পারলেও শ্রমিকরা যাতে যথাসময়ে তাদের ন্যায্য পাওনা পেতে পারে, সে বিষয়ে মন্ত্রণালয় দৃষ্টি রাখবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম আরা। ইত্তেফাককে তিনি বলেন, আমরা আগামী ঈদের আগে চলতি মাসের বেতন ও ঈদ বোনাস দেওয়ার দাবি জানিয়েছি। মন্ত্রী এ দাবির প্রতি একমত প্রকাশ করেছেন।