ব্রিটেনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর ১০ লাখের বেশি মানুষ ধূমপান ছেড়ে দিয়েছেন। সম্প্রতি এক জরিপে এই তথ্য উঠে এসেছে বলে বিবিসির খবরে বলা হয়েছে। অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ নামের একটি বেসরকারি সংস্থার জরিপে দেখা গেছে, যারা ধূমপান ছেড়ে দিয়েছেন তাদের ৪১ শতাংশই বলেছেন, করোনা ভাইরাসের কারণেই তারা এই সিদ্ধান্ত নেন। সংক্রমণের ভয়, স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, লকডাউনের কারণে তামাক কিনতে না পারা এবং সামাজিক মেলামেশার সুযোগের অভাব—এ রকম নানা কারণ এর পেছনে কাজ করেছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের এক জরিপেও দেখা গেছে, ২০০৭ সালে তাদের জরিপ শুরুর পর দেখা গেছে ২০২০ সালে সবচেয়ে বেশি মানুষ ধূমপান ছেড়েছে। সরকার সতর্ক করে বলেছে, ধূমপায়ীদের ক্ষেত্রে করোনার উপসর্গ তীব্র হওয়ার ঝুঁকি রয়েছে। যুক্তরাজ্যে ২০১৯ সালে মোট ধূমপায়ীর সংখ্যা ছিল প্রায় ৭০ লাখ।
