পাবনার চাটমোহরে ছাত্রলীগের সাবেক নেতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামীম আহমেদকে (২৫) বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। শামীম উপজেলার মারিয়া গ্রামের আ. লতিফের ছেলে।
শামীম উপজেলার হান্ডিয়াল বাজারের আ. রাজ্জাকের ছেলে ছাত্রলীগের সাবেক নেতা ও চাটমোহর সরকারি কলেজের শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গত ১৪ জুন বিকেলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এলাকার রাকিবুল ও তন্ময়ের মধ্যে বিরোধ হয়। এনিয়ে হাবিব মীমাংসার চেষ্টা করে। এটাই কাল হয় তার। ওইদিন রাত ৮টার দিকে হান্ডিয়াল বাজারের বালিকা বিদ্যালয় গলির একটি চাস্টলে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয় হাবিবকে।
এ ঘটনার পর চাটমোহর থানায় নিহত হাবিবের পিতা আ. রাজ্জাক বাদী হয়ে মামলা করেন। ১১জনকে নামীয় ও ১৫/১৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলা নং ১১।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,নিয়মিত এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। অন্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। শীঘ্রই আমরা সব আসামীদের গ্রেফতার করতে পারবো বলে আশা করছি।
ইত্তেফাক/এমআর
