করোনা: ঘোড়াশালের ২ পৌর কাউন্সিলরসহ পলাশে মোট আক্রান্ত ১৩২

আপডেট : ১৭ জুলাই ২০২০, ১১:৩৭

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ২ জন কাউন্সিলরসহ নতুন  করে আরও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে পলাশ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩২ জন।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন।

তিনি জানান, নতুন করোনা শনাক্তদের মধ্যে ১.২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানাজ আক্তার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর কামরুল ইসলাম, ২ জন পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার সামনের বাসিন্দা এবং ১ জন উপজেলা আনসার বিডিবিতে কর্মরত।

পলাশ থানার ওসি আরও জানান, করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত ৫ জনের বাসা লকডাউন করে তারা হোম আইসোলেশনে থাকবে। এ অবস্থায় কেউ বাড়ির বাহিরে যাবে না এবং কেউ প্রবেশ করবে না। ১৪ দিন পর তাদের নমুনা সংগ্রহ করা হবে এবং তাদের খাবারসহ যা প্রয়োজন পুলিশ এবং জনপ্রতিনিধিরা ব্যবস্থা করবে।

উল্লেখ্য, পলাশ উপজেলার নতুন আক্রান্ত পৌর কাউন্সিলর কামরুল ইসলামসহ ৪ জনের নমুনা ১৫ জুলাই সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। তাদের রিপোর্ট আসে ১৬ জুলাই রাতে।
নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্র জানায়, পলাশ উপজেলায় এ পর্যন্ত ১৩২ জন করোনা রোগী শনাক্তের মধ্যে আইসোলেশন মুক্ত হয়েছেন ১১৯ জন এবং করোনায় মৃত্যু হয়েছে ২ জনের।

ইত্তেফাক/এমআরএম