নিজ নবজাতক সন্তানকে চুরির অভিযোগে ছাত্রলীগ নেতা আটক

আপডেট : ১৭ জুলাই ২০২০, ১৩:১৮

পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর একটি ক্লিনিক থেকে সদ্য জন্ম নেওয়া নিজ নবজাতক সন্তানকে পাচারের উদ্দেশে চুরি করার অভিযোগ উঠেছে পাবনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোস্তফা আহমেদ সাদ্দামের বিরুদ্ধে। নবজাতককে উদ্ধার ও সাদ্দামকে আটক করেছে সাঁথিয়া থানা পুলিশ।

 

জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার কাশিনাথপুর ক্রিসেন্ট ক্লিনিকে সন্তান প্রসব করেন মোস্তফা আহমেদ সাদ্দামের স্ত্রী রহিমা খাতুন (২২)। জন্মের ৫ ঘন্টা পরে ক্লিনিক থেকে উধাও হয়ে যায় সন্তান। অনেক খোঁজাখুঁজির পর সিসি ক্যামেরায় দেখা যায় নবজাতকটিকে নিজের বাবা সাদ্দাম চুরি করে নিয়ে যান। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ কাশিনাথপুর থেকে সাদ্দাম (২৬) কে আটক করে। তার দেওয়া তথ্য অনুযায়ী শিশু কন্যাকে শাহজাহাদপুরের এক মহিলার নিকট থেকে উদ্ধার করা হয়। মাতৃহীন অবস্থায় দীর্ঘসময় থাকায় শিশুটি অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সারা দিন নবজাতকটি মাতৃদুধ পান না করায় তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। 

 

সাঁথিয়া থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, সাদ্দামের সাথে তার স্ত্রী রহিমার সম্পর্ক ভালো যাচ্ছিল না। তার স্ত্রীর কাছে সন্তান বেড়ে উঠুক তিনি তা চান না। 

 

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, অভিযুক্ত সাদ্দামকে আটক করা হয়েছে। পাচারের উদ্দেশে চুরি করা সন্তানটিকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সাদ্দামকে পাবনা জেল হাজতে পাঠানো হবে।

 

ইত্তেফাক/এএম