সাভারের আশুলিয়া থেকে করোনা টেস্ট প্রতারণায় গ্রেফতার হওয়া রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের সীল ও স্বাক্ষরিত ব্যাংকের চেক বইয়ের ৪৮টি পাতা ও বিপুল পরিমাণ মাদকসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে তাদেরকে আটক করে র্যাব ১ এক সদস্যরা। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে র্যাব। পরে শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ওই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের ভায়রা গিয়াস উদ্দীন জালালী (৬১) এবং তার গাড়ির চালক মাহমুদুল হাসান (৪০)। এদের মধ্যে গিয়াস উদ্দীন জালালী বি.বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার রুপসাদী গ্রামের মৃত ফকির সুলতান জালালীর ছেলে এবং প্রাইভেটকার চালক মাহমুদুল হাসান শরিয়তপুর জেলার জাজিরা থানার ছোট কৃষ্টনগরের ফয়জুল মাতবরের ছেলে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বেচাকেনার সময় র্যাব-১ এর একটি দল আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ দুই ব্যক্তিকে আটক করে। এসময় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের সীল ও স্বাক্ষরিত প্রিমিয়ার ব্যাংক, গরিবে নেওয়াজ এভিনিউ শাখার ৪৮ টি চেক বইয়ের পাতা, রিদম ট্রেডিং এর নামে ডাচ বাংলা ব্যাংক প্রগতি সরণী শাখার একটি চেক বই, ১০ বোতল ফেনসিডিল ও ২ হাজার ১শ ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়ার থানার এস আই কামরুজ্জামান জানান, র্যাবের দায়েরকৃত মাদক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদের স্বাক্ষরিত চেক বইয়ের বেশকিছু পাতা উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/এমএএম
