আই লাভ ইউ রাশি

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৮:২৭

g সাঈদ সাহেদুল ইসলাম

 

পেপার খুলে রাশি দেখি যখন ভাঙে ঘুম ভোরে,

মেষ-তুলা-বৃষ-সিংহ-মিথুন-কন্যা-মকর-কুম্ভ রে

আর সে মীনে-(তীর) ধনুতে-কর্কটে বা বৃশ্চিকে,

প্রতিটি দিন চোখ বুলিয়ে খবরটা না নিচ্ছি কে?

 

রাশির কথা অদ্য যে ভুল বুঝতে পারে গিন্নি রে,

সপ্তাব্যাপী পুরান স্বজন আসবে প্রতিদিন নীড়ে!

রেল যোগাযোগ শুভ এবং অংশীদারী কারবারে,

দীর্ঘ বিরোধ শেষে দুজন বন্ধু হতেও পারবা রে!

 

কোনো রাশি বলে দেখি আজকে বিপদ আসন্ন,

কিছুমানুষ করতে পারে তোমার ঘরে নাশ অন্ন!

ও কাজ থেকে রও বিরত হবে যদি তা লোহায়,

খুচরা ব্যবসায়ী হলে হবে তোমার ভালো আয়!

 

রাশি বলে থাকতে পারো এখন রূপের চর্চাতে,

ধর্মীয় কাজ করে তোমার দিবস যাবে খরচাতে!

বাড়তে পারে অসুখ তোমার ওটা শুধু সিজনাল,

অফিসে ব্যয় হবে ওটা রিজিওনাল কি জোনাল!

 

সে রাশিতে লেখা তুমি নিজের যত জপো মান,

ক্ষেত্রবিশেষ কর্মে আবার হতে পারো অপমান!

ব্যস্ত হতেই পার—হঠাত্ পারিবারিক কর্মে যে,

ঘরের মানুষ নত হয়ে মুছতে পারে ঘর—মেঝে!

 

রাশি বলে—বজায় তুমি রাখতে পার সম্মানও,

শত্রু তবে চেতে যাবে যাদের তুমি কম মানো!

লস হবে সেই ব্যবসাতে তা হলে খাদ্য—পানীয়,

পিয়ন পদে চাকরি করো বস কী বলেন মানিও!

 

এমন রাশি কয় কী বলি—যাত্রা খারাপ ভয়ঙ্কর,

অভিনয়ে অফার রবে করতে নাটক ছয় অঙ্ক’র!

নেতাদেরই জন্য এদিন শুভ, ভালো অতি তো,

ঋণের জ্বালায় চাষি হবে খুব ঝামেলায় পতিত!

 

এ রাশি কয় সফলতায় করো কাজের ক্ষণ স্থির,

সংসারেও পারবে না তো করতে খুশি মন স্ত্রীর!

ছাত্র তুমি? পরীক্ষা বেশ ভালো হবে এ দিনেই,

বউ সে রবে বাধ্যগত কোনো জেদাজেদি নেই!

 

একটি রাশি বলে তোমার এখন যাবে অসময়,

নেতা হলে আড্ডাতে যে কাটবে সময় রসময়!

শিশুর লেখাপড়া নিয়ে দিন তো যাবে টেনশনে,

ভাতাযোগের সুযোগ রবে যারা আছ পেনশনে!

 

এ রাশিটা বলে তোমার তীর্থভ্রমণ কই ভালো?

প্রেমমাঠে পেতে পারো অনেকে যে সই ভালো!

প্রত্যাশিত কাজে গতি বাড়তে পারে আরও যে,

প্রভাবশালী নেতার সাথে ভাবটা হবে—গাঢ় যে!

 

একটা রাশির খবর মানে বুদ্ধি বিশেষ চালালে,

বিদেশ যাওয়া ভিসা পেতে ঠকাবে না দালালে!

বকেয়া বিল পেতেই পার ঠিকাদারি পেশাতে,

আউটসোর্সিং কর্মে তুমি অর্থ পাবে বেশ হাতে!

 

বলে রাশি শ্রমটা তোমার অদ্য হবে বেকার যে,

বিফল হবে, যত্নে যতই দুহাত দেবে যে কার্যে!

ঝুঁকি নিয়ে কোনো কাজে করিও না—বিনিয়াগে,

চাকরিজীবী মেমের ঘরে হবে হবে ঝি নিয়োগ!

 

বলছে রাশি—অর্থ পাবে, বাড়তে পারে ব্যস্ততা,

কর্ম পরের? নিজের ঘাড়ে হতে পারে ন্যস্ত তা!

বস্ত্র—সোনার ব্যবসায়ীর আয়ে শুভ যোগ আছে,

মোকদ্দমায় জিতে যাবে এ কথা নাও বোগাসে!

 

বারো রাশির তেরো কথা, রঙেচঙে ডিসকো রে,

আমি বলি একটি কথা গোপনে ফিসফিস করে—

মোটেই আমার পছন্দ নয় অমন বারো রাশি রে,

পড়শি মেয়ে রাশিকে চাই যাকে ভালোবাসি রে!