ফুলবাড়ীয়ায় বনের জমিতে ড্রেন কেটে গাছ নিধন 

আপডেট : ১৭ জুলাই ২০২০, ১৯:২৪

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সংরক্ষিত সন্তোষপুর বনভূমিতে ভেকু দিয়ে ড্রেন কেটে গাছ নিধন করেছে জবর দখলকারীরা। সেই সাথে বঙ্গবন্ধু মিশ্র ফল বাগানের শতাধিক ফলজ বৃক্ষ বিনষ্ট করেছে তারা। বনবিট কর্মকর্তা জবর দখলকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। 

বন বিভাগ জানায়, উপজেলার সন্তোষপুর গ্রামের হাফিজ উদ্দিনসহ জবর দখলকারীরা সংরক্ষিত সন্তোষপুর বনভূমি থেকে পানি নিষ্কাশনের নাম করে রাবার বাগান থেকে বড়চনা পর্যন্ত ২শ মিটার ড্রেন ভেকু দিয়ে খনন করে। শুক্রবার (১৭ জুলাই) ড্রেন খনন করার সময় বন বিভাগের রোপণ করা গাছ ও সড়কের দুপাশের রোপণ করা বঙ্গবন্ধু মিশ্র ফল বাগানের শতাধিক গাছ বিনষ্ট করে। 

ফল চাষী আইয়ুব আলী জানান, কেশরগঞ্জ- চৌরাস্তা সড়কের বালুঘাট বাজার থেকে চৌরাস্তা পর্যন্ত ৪ কি. মি. সড়কের মধ্যে ৩ কি. মি. সড়কের দুই পাশে ১৭ প্রজাতির ফলজ বৃক্ষ রোপণ করছেন ২০১৪ সাল থেকে। এরই মধ্যে অনেক গাছে ফল আসতে শুরু করেছে। স্থানীয় প্রশাসন থেকে অনুমোদন নিয়ে ৫ হাজার গাছের চারা তিনি রোপণ করেছেন। তার উদ্দেশ্য হল সড়কের সৌন্দর্যবর্ধন ও পশুপাখি, মানুষের ফলের চাহিদা পূরণ। 
আইয়ুব আলী আরও জানান, বনের জমি দিয়ে ড্রেন খনন করলে বন বিভাগ করবে তারা করবে কেন। বঙ্গবন্ধু মিশ্র ফল বাগানের শতাধিক বৃক্ষ বিনষ্টকারী জবর দখলকারীদের বিচার চাই আমি। 

এ ঘটনায় সন্তোষপুর বনবিট কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, সংরক্ষিত বনে ড্রেন কেটে বৃক্ষ বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।  

ইত্তেফাক/এমএএম