g তারেকুর রহমান
n পুরো বছর জুড়েই ছিল প্রশ্নফাঁস বিতর্ক। আপনি আমি এটাকে বিতর্ক বললেও অনেকের জন্য এটা খুব ভালো কিছু ছিল। যারা সারা বছর কষ্ট করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারে না। কিংবা প্রাইভেট পড়েও কাঙ্ক্ষিত ফলাফল করতে পারেনি, তাদের জন্য প্রশ্ন ফাঁস বিশাল একটা সাপোর্ট ছিল। গার্ডিয়ানরাও বেশ সন্তুষ্ট ছিল। অত কষ্ট না করে, অনেক টাকা খরচ না করে শর্টকাটে ভালো রেজাল্ট করা যায় তা প্রশ্নফাঁসের মাধ্যমে জানা গেছে। যদিও সারা বছর প্রশ্নফাঁস হলেও এর সাথে যারা যুক্ত ছিল তাদের চিহ্নিত করা যায়নি।
n হ্যারি মেগান জুটি হঠাত্ করেই বিয়ে করতে রাজি হয়ে যান। উনারা বিয়ে করে বেশ সুখে শান্তিতে বসবাস করতে শুরু করলেন। কিন্তু এ দেশের কিছু অনলাইন পত্রিকার ঘুম হারাম হয়ে যায়। হ্যারি মেগান কখন খায় কী খায়, কী খায় না, কাকে সাথে নিয়ে খায় এরকম নানা বিষয় নিয়ে পাঠকদের বিরক্ত করতে লাগলেন। তাদের এই বিরক্তির বিষয়গুলো কয়েক মাস চলল।
n থ্রিজি যেখানে পাওয়া মুশকিল সেখানে ফোরজি চিন্তা করা এক ধরনের অবিবেচকের পরিচয় দেওয়া। কিন্তু থ্র্রিজি সুবিধা ভালোভাবে সুনিশ্চিত না হলেও ফোরজি চালু হয়। ফোরজি সুবিধা না পেলেও এক মানসিক প্রশান্তি নিয়ে থাকতে হয়েছে সবাইকে।
n মশার কারণে ফ্লাইট বিলম্ব হয় এ ধরনের গল্প কাউকে বললে সে ঈশপের গল্প মনে করবে। মশারা এখন অনেক চালাক। তারা শুধু দেশেই থাকতে চায় না বরং বিদেশেও যেতে চায়। সে লক্ষ্য নিয়েই তারা বিমানে ওঠে। কিন্তু তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে বিমানের ফ্লাইট বিলম্ব ঘটে।
n কোটা বাতিল নিয়ে দেশের তরুণসমাজ মাঠে নেমেছিল। কিন্তু তারা জানত না এই কোটা তাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। কোনোভাবেই কোটা ছাড়া বেঁচে থাকা মুশকিল।
n একজন মন্ত্রী সাহেব বলেছিলেন ঘুষ খাবেন তবে সহনীয় পর্যায়ে খাবেন। এ কথা শোনার পর থেকে অনেকেই অফিসের সামনে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে এখানে সহনীয় পর্যায়ে ঘুষ খাওয়া হয়। এরকম অবস্থা দেখে লোকজন সহনীয় ঘুষ দিতে হুমড়ি খেয়ে পড়ে।
n চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির ইস্যু নিয়ে সারাবছর বেশ আলোচনা চলে। এ একটা বিষয় ঝুলিয়ে রেখে বেকারদের সাথে এক ধরনের খেলায় মেতে উঠে রাজনীতিক দলগুলো। যেটির প্রতিফলন তাদের ইশতেহারে দেখা যায়।
n বাংলাদেশের একজন নায়িকার হঠাত্ করে গায়িকা হওয়ার শখ জাগে। তো আর বসে থেকে কী লাভ? তাই তিনি খুব কষ্ট করে গান গেয়ে ফেললেন। সাথে সেটার মিউজিক ভিডিও তৈরি করে ফেলেন। এদেশের মানুষ সেটি ভালোভাবে নেয়নি। তারা এক যোগে ডিজলাইক দিতে লাগলেন। হুজুগে এ জাতি ডিজলাইকের রেকর্ড করে ফেললেন।
n বিশ্বকাপ ফুটবল এক অশান্তি নিয়েই আমাদের মাঝে হাজির হয়। কেউ মেসি ভক্ত কেউ নেইমার ভক্ত। এ নিয়ে বেশ কিছুদিন সরগরম ছিল। কিন্তু মেসি-নেইমার খুব আবেগপ্রবণ মানুষ তাই তারা কেউই ফাইনাল পর্যন্ত যায়নি।
n মশার উপদ্রব নিয়ে নগরবাসী বছরের পর বছর কাটিয়ে দিচ্ছে। মশা না কামড়ালে তারা বুঝতেও পারে না তারা ঢাকায় আছে।
n বছরের শেষে এসে বেশ কিছু বিষয় আলোচিত হয়। এর মধে অন্যতম হলো জোট গঠন। নামসর্বস্ব দলগুলো ব্যক্তিগত সুবিধা আদায়ের জন্য নানা ফন্দি আঁটতে লাগল। মেম্বার নির্বাচনে যারা জিতবে না তারাও অনেক আসন চায়। অবশ্য এতে সবাই সফল হয়নি।
