ভাটিয়ালী সঙ্গীত উত্সব

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৯:১৭

ময়মনসিংহে ৩ দিনব্যাপী জাতীয় ভাটিয়ালী সঙ্গীত উত্সব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে এই প্রথমবারের মতো জাতীয় ভাটিয়ালী সঙ্গীত উত্সব আয়োজন করে জাতীয় ভাটিয়ালী সঙ্গীত উত্সব উদযাপন কমিটি।

ময়মনসিংহ শহরের টাউন হল মাঠে অনুষ্ঠিত এ উত্সব পালনে শোভাযাত্রা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যনাট্য মহুয়া পরিবেশিত হয়। এতে সূচনা সঙ্গীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী। নৃত্যনাট্য মহুয়া পরিবেশন করেন বহুরূপী নাট্যসংস্থা।

সন্ধ্যায় জাতীয় ভাটিয়ালী সঙ্গীত উত্সবের উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশিষ্ট সঙ্গীতশিল্পী সুমিতা নাহার সভাপতিত্বে সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম খোকা, বাংলা একাডেমির উপ-পরিচালক ড. আমিনুর রহমান সুলতান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের ড. জাহিদুল কবির, চারণ আখড়ার সাধারণ সম্পাদক পিন্টু সাহা, জাতীয় ভাটিয়ালী সঙ্গীত উত্সব উদযাপন কমিটির সদস্য সচিব সারওয়ার কামাল রবীন, ছড়াকার স্বপন ধর প্রমুখ এতে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, ‘জঙ্গি, সন্ত্রাস মোকাবেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ডের একান্ত প্রয়োজন। অসাম্প্রদায়িক চেতনা বিকাশে আমাদের দেশীয় সংস্কৃতির ভূমিকা অপরিসীম। তাই নতুন প্রজন্মকে সাংস্কৃতিক চর্চায় এগিয়ে আসতে হবে।’