‘যেকোনো কাজে উনিশ-বিশ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু বিশ-উনিশ হওয়াটাই ব্যতিক্রম’ —২০১৯ সাল

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৮:৩১

ঠা ট্টা ত্ কা র

 

ঠাট্টার দফতরে এসেছিলেন এ শতাব্দীর সর্বশেষ টিনেজ সাল তথা ২০১৯ সাল। আর যেহেতু সে হাজিরা দিয়েই ফেলেছে, তার একখান সাক্ষাত্কার নিয়ে ঠাট্টাঠকদের গেলালে কী সমস্যা! সেই দায়িত্বটাই ঘাড়ে তুলে নিয়েছেন ঠাট্টারু

সত্যজিত্ বিশ্বাস

ঠাট্টা :স্বাগতম, আপনার আগমনে আমরা পুলকিত।

২০১৯ সাল :কেন, পুলকিত কেন?

ঠাট্টা :কারণ, আপনিই হলেন টিনএজের শেষ কাণ্ডারী।

২০১৯ সাল :এটা অবশ্য ঠিকই বলছেন। যদিও এ কারণেই খুব ভয়ে ভয়ে এসেছি। 

ঠাট্টা :ভয়ে ভয়ে কেন? প্রেম করেন?

২০১৯ সাল :যাহ্, কী যে বলে। এখানে প্রেম এল কোথা থেকে?

ঠাট্টা :না মানে বললাম, প্রেম এলেও অসুবিধা তো কিছু নেই। আপনি তো এখন সাবালিকা। বিয়ের বয়স তো হয়ে গেছে। উনিশে পা। 

২০১৯ সাল :আরে ভাই, ভয় তো সেখানেই।

ঠাট্টা :কীসের ভয়? 

২০১৯ সাল :আজকালকার পোলাপানরা তো খুব সুবিধার হয় না। দেখা গেল আমাকে পেয়ে ১৮+ জোকস শোনার জন্য ঘিরে ধরল।

ঠাট্টা :তা ইয়ে, মানে আছে নাকি স্টকে? দুই, একটা যদি শোনান?

২০১৯ সাল :এসব কী কথা? এমন করলে কিন্তু আমি ইন্টারভিউই দেব না।   

ঠাট্টা :ঠিক আছে, ১৮+ জোকস বলতে হবে না। কিন্তু এটা তো বলেন, আপনার কাছে জাতির তো অনেক প্র্যত্যাশা। পূরণ করবেন কী করে?

২০১৯ সাল :আমাকে পূরণ করতে হবে কেন? যার প্রত্যাশা সে পূরণ করবে।

ঠাট্টা :তাহলে আপনি কী করবেন?

২০১৯ সাল :সবাইকে ৩৬৫ দিন সময় দেব, প্রত্যাশা পূরণ করার জন্য।  

ঠাট্টা :বছরটা শুরু করার ব্যাপারে আপনার কি কোনো প্ল্যান আছে?

২০১৯ সাল :অবশ্যই প্ল্যান আছে। শুধু শুরু কেন, বছরের শেষ পর্যন্ত প্রতিটা দিনের প্ল্যান আছে। ডায়েরি, ক্যালেন্ডারের দিকে খেয়াল করে দেখেন। সবকিছুর প্ল্যান দেওয়া আছে।

ঠাট্টা :আরে, তা না। বলতে চাইছি, বছরটা শুরু করলেন কী দিয়ে?

২০১৯ সাল :কেন, ফেসবুক দিয়ে।

ঠাট্টা :বছরের প্রথম প্রহরে হাজার হাজার আতশবাজি ফাটিয়ে, ফানুস উড়িয়ে, কেক কেটে আপনার বার্থ ডে পালন করল, এসব বাদ দিয়ে আপনি ফেসবুক দিয়ে শুরু করলেন? 

২০১৯ সাল :আতশবাজি ফাটানো, ফানুস ওড়ানো, কেক কাটা তো শুরু হয়েছে ৩১শে ডিসেম্বর রাত ১২টা থেকে। আর ফেসবুক তো আরও দুই/চারদিন আগে থেকে উইশ করা শুরু করেছে। যে আগে আসবে, শুরু তো তাকে দিয়েই হবে, তাই না?

ঠাট্টা :আচ্ছা, এবার বলুন তো, ২০১৯ সালে আমাদের সাথে কী থাকবে? 

২০১৯ সাল :কেন, ২০১৮ সালের স্মৃতি।

ঠাট্টা :তাহলে ২০১৯সালের ভবিষ্যত্ কী? 

২০১৯ সাল :২০২০ সাল।

ঠাট্টা :আপনার তো দেখি অনেক বুদ্ধি। ২০১৯ সালে ঠাট্টার ভাগ্যে কি জুটবে, বলে দেন না প্লিজ?

২০১৯ সাল :প্রতি রবিবার একটি করে ঠাট্টা সংখ্যা। অনেক তো হলো, এবার তাহলে যাই?

ঠাট্টা :কী ব্যাপার, এমন উসখুস করছেন কেন?

২০১৯ সাল :সবেমাত্র এলাম। বুঝতেই পারছেন কত কাজ, এবার ইন্টারভিউটা শেষ করলে হয় না? 

ঠাট্টা :শেষ করছি, তার আগে বলুন, ২০১৯ সালটা অন্য আর একটা বছরের মতোই হবে নাকি ব্যতিক্রমী কিছু? 

২০১৯ সাল :অবশ্যই ব্যতিক্রম।  

ঠাট্টা :কিভাবে? 

২০১৯ সাল :আমার দিকে ভালো করে খেয়াল করলেই বুঝতে পারতেন। যেকোনো কাজে উনিশ, বিশ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু বিশ উনিশ হওয়াটাই ব্যতিক্রম। আমি বিশ উনিশ। 

ঠাট্টা :পাঠকদের উদ্দেশে কিছু বলতে চান?

২০১৯ সাল :ঠাট্টায় হাসুন, ঠাট্টায় নাচুন, ঠাট্টায় বাঁচুন।