আর্চারের সমালোচনায় কিংবদন্তিরা

আপডেট : ১৭ জুলাই ২০২০, ২০:৪৫

স্পোর্টস ডেস্ক

টিমবিধি ভঙ্গ করায় কেবল একাদশ থেকে বাদ পড়াই নয়, বিশ্বজুড়ে সমালোচনারও মুখোমুখি হচ্ছেন ইংলিশ পেসার জোফর আর্চারের। সেই সমালোচনায় শামিল হয়েছেন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তিরা।

ওয়েস্ট ইন্ডিজের পেস কিংবদন্তি ও জনপ্রিয় ধারাভাষ্যকার মাইকেল হোল্ডিং বলছেন, কোনো ভুল না করেই নেলসন ম্যান্ডেলা ২৭ বছর জেলে কাটাতে পারলে লোকে সামান্য ত্যাগ কেন করতে পারে না। আর্চার দল থেকে বাদ পড়ার পর স্কাই স্পোর্টসে আলোচনায় হোল্ডিং তুলে ধরলেন বর্ণবাদ-বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ম্যান্ডেলার ত্যাগের কথা। তিনি বলেন, ‘আমার একটুও সহানুভূতি নেই (আর্চারের প্রতি)। আমি ঠিক বুঝি না, লোকে কেন প্রয়োজনীয় কাজটুকু করতে পারে না। ত্যাগের কথা বললে, নেলসন ম্যান্ডেলা কোনো ভুল না করেই জেলে ছোট্ট একটি ঘরে ২৭ বছর কাটিয়েছেন। সেটিকে বলে ত্যাগ।’

আর্চারের কড়া সমালোচনা করেছেন মাইক আথারটন। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়কের মতে, ‘নির্বোধের মতো’ কাজ করেছেন আর্চার। তিনি বলেন, ‘বেশ কয়েকটি কারণে এটি খুব নির্বোধের মতো একটি কাজ। প্রথমত, তাকে দলে জায়গা হারাতে হয়েছে। দ্বিতীয়ত, ইংল্যান্ডের পরিকল্পনাগুলো ভুল হয়েছে, গুরুত্বপূর্ণ একটি টেস্ট, সিরিজ জিততে যে ম্যাচটা তাদের অবশ্যই জেতার চেষ্টা করতে হবে। তৃতীয়ত, ইসিবি যে কাজগুলো করেছে, তা ঝুঁকির মধ্যে পড়েছে। ছয়টি টেস্ট ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি, পাকিস্তানের বিপক্ষে তিনটি; এই ম্যাচগুলো আয়োজনের জন্য তাদের প্রচুর কাজ করতে হয়েছে।’