ঈদে মোশাররফ করিমের ‘গিরগিটি’

আপডেট : ১৭ জুলাই ২০২০, ২০:৪৮

বিনোদন রিপোর্ট

 

আসন্ন ঈদে দীপ্ত টিভিতে প্রচার হবে মোশারফ করিমের সাত পর্বের থ্রিলার নাটক ‘গিরগিটি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রায়হান খান। অভিনয় করেছেন মোশাররফ করিম, জুঁই করিম, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার প্রমুখ।

বিবাহবার্ষিকী উপলক্ষে সেদিন ছিল অহনার ও রাশেদের বিভিন্ন রকমের প্রস্তুতি। একটু একটু করে আনন্দের রঙ ফিকে হতে থাকে অজানা একটি ফোন কলের কারণে। শুরুতে স্ত্রীর কাছে আসা ফোন কলকে গুরুত্ব দেয় না রাশেদ। কিন্তু প্রথম থেকে ফোন কলের ব্যাপারটা ভালো লাগে না অহনার। কারণ ফোনের অপরপ্রান্তের লোকটি এমনভাবে কথা বলে যেন পূর্বপরিচিত এবং ক্রামান্বয়ে মেরে ফেলার হুমকি দিতে থাকে। অহনাকে আল্টিমেটাম দেয় এক সপ্তাহের মধ্যে রাশেদকে ডির্ভোস দিয়ে ফোন কলারের কাছে চলে যেতে, তা না হলে অহনার জীবনের পূর্বের অজানা তথ্য ফাঁস করে দেবে। অহনা খুঁজে পায় না তার জীবনের অজানা কী তথ্য আছে। কিছুদিনের মধ্যে ব্যাপারটা তাদের জীবনে একটা অস্বস্তিকর কারণ হয়ে যায়। বাধ্য হয়ে তারা পুলিশের শরণাপণ্ন হয় এবং এই খবরও পেয়ে যায় ফোন কলার। একদিন সকালবেলা তারা ঘুম থেকে উঠে তাদের দেয়ালে লেখা দেখতে পায় ‘আমার নামের প্রথম অক্ষর র’ চিনতে পেরেছ? অহনা অনেক ভেবে-চিন্তে তার জীবনে আসা ‘র’ অক্ষরের সবার খোঁজ নিতে থাকে। একদিন অর্ডার করা পারসেল নিয়ে আসে ডেলিভারি ম্যান তার নাম রবিন। ডেলিভারি ম্যানকে দরজায় দাঁড় করিয়ে রেখে অহনা রাশেদকে ফোন করতে গিয়ে আর ফেরত আসে না। রাশেদ বাসায় এসে অহনার লাশ দেখতে পায়। কে এই রবিন? কেন খুন করলো অহনাকে?