দুই মাসে ২৯৭ জনের ডেঙ্গু পরীক্ষা, শনাক্ত ১১ 

আপডেট : ১৭ জুলাই ২০২০, ২১:০৭

ঢাকা উত্তর সিটি করপোরেশেনের (ডিএনসিসি) উদ্যোগে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষায় সাড়া মিলেছে। সিটি করপোরেশেনের স্বাস্থ্যকেন্দ্র ও মাতৃসদনে গত দুই মাসে ২৯৭ জন জ্বরের রোগী ডেঙ্গু পরীক্ষা করিয়েছেন। এর মধ্যে ১১ জন রোগী শনাক্ত হয়েছেন।  

গত ১১ মে থেকে উত্তর সিটির ২৭টি স্বাস্থ্যকেন্দ্র ও মাতৃসদনে বিনামূল্যে এনএস-১, আইজিজি, আইজিএম পরীক্ষা শুরু করে সিটি করপোরেশন। পরে গত ২২ জুন সিটির আরও ১৩ স্থানে এ পরীক্ষা কার্যক্রম শুরু করে ডিএনসিসি। সব মিলিয়ে বর্তমানে ৪০ স্থানে ডেঙ্গুর এই তিনটি পরীক্ষা করে তারা। শুক্রবার বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ সকল নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্রে যে কেউ বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করতে পারেন। 

ডিএনসিসি জানায়, এসকল কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট সরবরাহ করা হয়েছে। ডেঙ্গু পরীক্ষার ফল সঙ্গে সঙ্গে জানা যাবে। তবে ডেঙ্গু পরীক্ষার জন্য অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন দেখাতে হবে। 

উত্তর সিটি করপোরেশনের  প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোমিনুর রহমান মামুন বলেন, ডেঙ্গু দমনে উত্তর সিটির নানা কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার বিষয়টি তারা শুরু করেছেন এবং নাগরিকরাও সেবাটি গ্রহণ করছেন। 

আরো পড়ুন : সাহেদের বিরুদ্ধে অভিযোগ জানাতে র‌্যাবের হটলাইন

তিনি বলেন, বিনামূল্যের পরীক্ষার কার্যক্রম শুরুর পর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৯৭টি পরীক্ষা আমরা করেছি। এরমধ্যে ১১ জন ডেঙ্গু পজিটিভ পাওয়া গেছে। মে মাসে পরীক্ষার হার কম ছিল। তবে জুনে কিছুটা বেড়েছে। জুলাইয়ে আরও মানুষ আসছে পরীক্ষা করাতে। ‘করোনাভাইরাসের কারণে হাসপাতালগুলোতে মানুষ যেতে ভয় পাচ্ছে। তবে আমরা যে জায়গাগুলোতে পরীক্ষা করছি, সেখানে মানুষ আসছে। আর নাগরিকদের জন্য পর্যাপ্ত পরিমাণ কিটের ব্যবস্থা রয়েছে।’


ইত্তেফাক/ইউবি