বিয়ে মানে ঘুম অন্ত...

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৮:৩৫

g সাঈদ সাহেদুল ইসলাম

 

মামুদ মিয়া বিশাল মানুষ

বিশাল মাপের বুজুর্গ,

বিয়ের পরে তার কী হলো

বলছি জনাব, হুজুর গো!

 

ওনার বিবি—চাকরিজীবী

পদ-পদবি কম কীসে?

স্বামীর সাথে তাই সমানে

ফেলবেও না দম কি সে?

 

এইখানে ঠিক দ্বন্দ্ব দুয়ের

বউ করে না রান্না যে,

ছেলেমেয়ের সঙ্গে মামুদ

করতে না পান কান্না যে!

 

মামুদ মিয়া সব বুঝে তাই

জড়ান না আর বিতর্কে,

রান্না করেন—পালাক্রমেই

দেখল ঘরের ভিতর কে?

 

এসব শুনে পাশের বাড়ির

বন্ধু আমার সুমন্ত,

বলছে সে করবে না বিয়ে

বিয়ে মানেই ঘুম অন্ত!