ইত্তেফাক ডেস্ক
ভারত ও চীন দুই দেশের জনগণের মধ্যে শান্তি বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমি ভারতের মানুষকে ভালোবাসি, চীনের মানুষকেও ভালোবাসি। এ কথা জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কালেলি ম্যাকেনি। এর আগে ট্রাম্প ভারতকে সমর্থনের কথা জানিয়েছিলেন। এদিকে গতকাল লাদাখ সফরে গিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের এক ইঞ্চি জমিও কেউ কেড়ে নিতে পারবে না। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার
বৃহস্পতিবার ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে ভারত-চীন প্রসঙ্গ উঠে এলে ট্রাম্পের অবস্থান স্পষ্ট করে দেন কালেলি ম্যাকেনি। তিনি বলেন, ‘তার (ট্রাম্প) বক্তব্য হচ্ছে, ভারতীয়দের ভালোবাসেন তিনি। ভালোবাসেন চীনা নাগরিকদেরও। তাদের কথা ভেবে দুই দেশের মধ্যে শান্তি স্থাপনে সাধ্যমতো সব চেষ্টা করতে চান’। সম্প্রতি হোয়াইট হাউজের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো ভারতকে আমেরিকার মহান মিত্র হিসেবে বর্ণনা করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একে অপরের দুর্দান্ত বন্ধু। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন যে ভারত ও আমেরিকার মধ্যে দুর্দান্ত পারস্পরিক বোঝাপড়া ও অংশীদারিত্ব রয়েছে।
এক ইঞ্চি জমিও কেড়ে নিতে পারবে না :রাজনাথ
রাজনাথ সিং বলেছেন, আলাপ-আলোচনার মাধ্যমে সীমান্ত বিরোধ মেটানোর চেষ্টা চলছে। কিন্তু তা কতটা মেটানো যাবে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে একটা কথা নিশ্চিতভাবে বলতে পারি, পৃথিবীর কোনো শক্তিশালী দেশ আমাদের এক ইঞ্চি জমিও কেড়ে নিতে পারবে না। তবে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হলে তার চেয়ে ভালো কিছু হয় না। লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সংঘাত নিয়ে এমনই বার্তা দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। দুই দিনের লাদাখ ও কাশ্মীর সফরে গিয়েছেন তিনি। শুক্রবার সফরের প্রথম দিনে লেহ্ পৌঁছেন তিনি। সেখানে ভারতীয় জওয়ানদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এভাবেই চীনকে কড়া বার্তা দেন রাজনাথ সিং। সেনা কমান্ডার পর্যায়ের বৈঠক শেষ হলেও সেনা সরানোর প্রশ্নে সবকটি জায়গা নিয়ে এখনো একমত হতে পারেনি ভারত ও চীন।
