বুড়িগঙ্গার সেই লাশটি চৌগাছার শীর্ষ মাদক ব্যবসায়ী আসলামের

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০০:২৭

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশটি যশোরের চৌগাছার শীর্ষ মাদক ব্যবসায়ী আসলামের (৩৫)। তিনি চৌগাছা কারিগরপাড়ার নান্নু মিয়ার ছেলে। গত ৫ জুলাই সকালে কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বুড়িগঙ্গা নদীতে জেলেদের জালে আটকে যায় অজ্ঞাত লাশ। খবর পেয়ে নৌ পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। আসলামের ভাই লাশ শনাক্ত করেছেন। এক সপ্তাহ পর গত বৃহস্পতিবার আসলামের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেরিয়ে আসছে তার মাদক চোরাচালানের চাঞ্চল্যকর তথ্য। গত ৩০ জুন কেরানীগঞ্জের কবুতরপাড়ার বালুর মাঠ এলাকা থেকে নিখোঁজ হন আসলাম।

শুক্রবার বিকালে চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, ‘বৃহস্পতিবার বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের খবরে দেখলাম চৌগাছার মাদক সম্রাট আসলামের লাশ উদ্ধার হয়েছে ঢাকার কেরানীগঞ্জে। অফিসিয়ালি কেউ আমাদের জানায়নি। আসলামের বিরুদ্ধে চৌগাছা, যশোর কোতোয়ালী, নড়াইল, কেরানীগঞ্জসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইনে ১০টি মামলা রয়েছে। ভারত থেকে আনা মাদকের চালান কেরানীগঞ্জে আসলামের কাছে যেত। আমরা বেশ কয়েক জন মাদক কারবারিকে গ্রেফতার করেছি। তারা জানিয়েছে মাদক আসলামের কাছে যাবে। কেরানীগঞ্জে বসে আসলাম মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত।’

আসলামের ছোট ভাই মোহাম্মদ ইসলাম জানিয়েছেন, ‘দেড় বছর আগে কনা নামের এক নারীকে বিয়ে করে আসলাম কেরানীগঞ্জে বাসা ভাড়া করে থাকত। সেখান থেকে সে নিখোঁজ হয়। আমরা থানায় সাধারণ ডায়েরি করতে গেলে প্রশাসন আমাদের জানায় আপনার ভাবি সাধারণ ডায়েরি করেছেন। তখন আমরা চলে আসি।’