যুক্তরাষ্ট্রের বেশির ভাগ মানুষ মনে করে করোনাকালে স্কুল খুলে দেওয়া শিক্ষার্থীদের জন্য একটি অনিরাপদ বিষয় হয়ে দাঁড়াবে। তবে এর বিপরীতে আবার কেউ কেউ বলেছে, স্কুলগুলো আবার খুলে দিলে শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে আনা সম্ভব হবে। কারণ এই মহামারির সময়ে স্কুলে না যাওয়ায় তাদের মাঝে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি এক ধরনের অনীহা সৃষ্টি হয়েছে। কাজেই সেই বিবেচনায় তারা স্কুল খুলে দেওয়ার পক্ষে। দেশটিতে করা সাম্প্রতিক এক জরিপে এ কথা বলা হয়েছে।
ইপসো অপিনয়ন পোলের করা এই জরিপে বলা হয়েছে, চার জন মার্কিনির মধ্যে একজন মার্কিনি মনে করেন, পাবলিক স্কুলগুলো খুলে দিলে তা শিক্ষার্থীদের জন্য ভালো হবে। এর মাধ্যমে তাদের স্কুলমুখী করারও প্রবণতা তৈরি হবে। কেননা দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের মধ্যে একটি নেতিবাচক মানসিকতা তৈরি হয়েছে। আর এ থেকে বাঁচতেই তাদের স্কুলে এখনই ফিরিয়ে আনা উচিত।
জরিপে বলা হয়, ২৬ শতাংশ মার্কিনিই এই ধারণায় বিশ্বাস করে। জুলাই মাসের ১৪ থেকে ১৫ তারিখে করা এই জরিপে এ কথা বলা হয়েছে। ১৩ হাজার স্কুলের ওপর তথ্য-উপাত্তের ভিত্তিতে এই জরিপ করা হয়। তবে এই মতামতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ। তাদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্প চান স্কুলগুলো খুলে দেওয়া হোক।
কিন্তু তাদের মতে, এখন স্কুলগুলো খুলে দিলে অনেক অভিভাবকই তাদের সন্তানদের করোনার কারণে সেখানে পাঠাতে অনীহা প্রকাশ করবেন। কেননা এখানে তাদের সন্তানদের জীবন-মরণের প্রশ্ন। এই ধারণার পক্ষে মত দিয়েছেন ৫৫ শতাংশ মানুষ। তারা বলেন, এখন স্কুলে শিক্ষার্থীদের ফেরানো কোনোভাবেই নিরাপদ নয়। এ ধরনের সিদ্ধান্ত হলে অভিভাবকদের দুশ্চিন্তার খোরাক আরো বেড়ে যাবে।
