সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে খোরশেদ মোল্যা (৫০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি খলিষখালী ইউনিয়নের বাগমারা গ্রামের মৃত ইনতাজ মোল্যার ছেলে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরের পর নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দুই পুত্র সন্তানের জনক খোরশেদের লাশ পাওয়া যায়।
তিনি আত্মহত্যা করেছেন বলে নিহত পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়। তবে পুলিশ বলেছে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়না তদন্ত রিপোর্ট আসার পরেই জানা যাবে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, খোরশেদ মোল্যা দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ ছিল। শুক্রবার দুপুরের পর হঠাৎ ঘরের ভিতরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি। বিষয়টি তাৎক্ষনিভাবে থানা পুলিশকে অবহিত করা হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, লাশটি ময়না তদন্তের জন্য শনিবার সকালে সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়না তদন্ত রিপোর্ট থানায় আসার পরেই জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ইত্তেফাক/এমআর
