গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শিশু নাদিমুল ইসলাম নাঈমকে (৭) পানিতে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগে বাপ্পারাজ মিয়া (১৫) নামের এক কিশোরকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটি গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত বাপ্পারাজ মিয়া ছাপড়হাটি ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটি গ্রামের আইয়ুব আলীর ছেলে। নিহত নাদিমুল ইসলাম নাঈম একই গ্রামের মিলন মিয়ার ছেলে।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান জানান, বাপ্পারাজ শুক্রবার বিকালে বাড়ির পাশে পুকুরপাড়ে ডেকে নিয়ে নাঈমকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মোবাইল চুরির অপরাধে নাঈমের বাবা মিলন মিয়া বাপ্পারাজকে চড়-থাপ্পড় মেরেছিলেন। এর প্রতিশোধ নিতে সে এই ঘটনা ঘটায়। এ ঘটনায় বাপ্পারাজকে আসামি করে নিহতের মা শামছুন্নাহার থানায় হত্যা মামলা দায়ের করেন।
