গাজীপুরে ব্যবসায়ী দুই ভাইকে ছুরি মেরে দুর্ধর্ষ ডাকাতি

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২১:৫২

স্বর্ণালংকারসহ মালামাল লুট

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর পূবাইল থানার কুদাব এলাকায় শুক্রবার রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় সহোদর দুই ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাদের রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতরা ২০ ভরি স্বর্ণালংকার ও ১০ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে।

আহত দুই সহোদরের ভগ্নিপতি সুপ্রিম কোর্টের আইনজীবী নজরুল ইসলাম খান বিকি জানান, রাত ৩টায় ৮/১০ জনের একদল সশস্ত্র ডাকাত তালা কেটে ও কলাপসিবল গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে। দুর্বৃত্তরা ঘরে ঢুকে সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং আলমিরা থেকে ১০ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। তারা ঘরের মূল্যবান আসবাবপত্র তছনছ করে এবং ছয়টি মোবাইল ফোন সেটসহ আরো মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তাদের বাধা দেওয়ায় ব্যবসায়ী সজীব পালোয়ান (৩৫) ও তার সহোদর রাকিব পালোয়ানকে (৩৮) ছুরিকাঘাত করে ডাকাতরা। ছুরিকাঘাতে সজিবের কণ্ঠনালী ও রাকিবের হাত কেটে যায়।

ডাকাতরা চলে যাওয়ার পর তাদের  চিত্কারে প্রতিবেশীরা এগিয়ে এসে দুই সহোদরকে গুরুতর আহত অবস্থায় প্রথমে টঙ্গীর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায় এবং পরে তাদের ঢাকার অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে শনিবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেছে। এ ব্যাপার পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া বলেন, আমরা ডাকাতদের গ্রেফতারের চেষ্টা করছি।