দৃষ্টিহীনকে বাসে তুলে বাড়ি উপহার পেলেন সেই নারী

আপডেট : ১৮ জুলাই ২০২০, ২২:০৯

দৃষ্টিহীন এক ব্যক্তিকে রাস্তা পার করিয়ে বাসে তুলে দেন নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক নারী। স্রেফ মানবিকতার খাতিরে তিনি এই কাজ করেছিলেন।

তিনি ভাবতেও পারেননি তার এই কাজ এতো প্রশংসিত হবে। ছুঁয়ে যাবে লাখ লাখ মানুষের মন। 

শেষপর্যন্ত মানবিক এই আচরণে তাকে একটি নতুন বাড়ি উপহার দিয়েছে তিনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই আলুক্কাস গ্রুপ।

কেরালার বাসিন্দা সুপ্রিয়ার আচরণে অভিভূত হয়ে তাকে শুভেচ্ছা জানান আলুক্কাস গ্রুপের চেয়ারম্যান জয় আলুক্কাস। পরে তিনি নিজে সুপ্রিয়ার ভাড়া বাড়ি গিয়ে তার ও তার পরিবারের সকলের সঙ্গে দেখা করেন।

আলুক্কাস গ্রুপে সেলস ম্যান হিসেবে কাজ করেন সুপ্রিয়া। চেয়ারম্যান জয় তাকে ত্রিশূরে কোম্পানির হেড অফিসে এসে দেখা করতে বলেন। 

জানান, সেখানে তার জন্য একটি চমক অপেক্ষা করছে। হেড অফিসে তার জন্য যা অপেক্ষা করছিল তা স্বপ্নেও ভাবতে পারেনি সুপ্রিয়া। সেখানে তাকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয় সংস্থার পক্ষ থেকে। আর তাকে উপহার দেওয়া হয় একটি নতুন বাড়ি। 

গত তিন বছর ধরে সংস্থাটিতে কাজ করছেন তিনি। বাড়িতে দুই ছেলে-মেয়ে। স্বামী এক বেসরকারি সংস্থায় সাধারণ পদে কাজ করেন। একটু টানাটানির সংসার। সংস্থার মালিক এবং তার স্ত্রীর ব্যবহারে চোখে পানি এসে যায় সুপ্রিয়ার। 

উল্লেখ্য, দৌড়ে গিয়ে বাসের হেল্পারকে অনুরোধ করে বাস থামিয়ে দৃষ্টিহীন ব্যক্তিকে বাসে তুলে দেন সুপ্রিয়া। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। 

অভিনেতা রীতেশ দেশমুখ ভিডিওটির সঙ্গে লেখেন, ‘যখন কেউ আমাদের লক্ষ্য করার নেই, তখনও আমাদের এমন দয়াশীল হওয়া প্রয়োজন।’ খবর: এপিবি

ইত্তেফাক/জেডএইচ