রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘আগামী এক বছরের মধ্যে রংপুর মহানগরী হবে দৃশ্যমান। প্রায় ৩’শ কোটি টাকা ব্যয়ে নগরীর বিভিন্ন রাস্তার নির্মাণ কাজ চলমান রয়েছে। আশা করি নগরীর রাস্তা নিয়ে অভিযোগ করার কেউ থাকবেনা। তবে একটা কথা আমি ফেরেস্তা নই। আমি আপনাদেরই একজন। আমারও ভুলত্রুটি থাকতে পারে। আমাকে আপনারা তা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি। বাকি দিনগুলোও যাবো।’
তিনি শনিবার (১৮ জুলাই) রংপুর মহানগরীর ঐতিয্যবাহী নবাবগঞ্জ বাজারে চলাচল পথ প্রশস্ত ও পয়ঃনিষ্কাসনের লক্ষ্যে পেভমেন্ট লাইন্স স্থাপন ও অভ্যন্তরীণ ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি ও জেলা পরিষদ সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি মো. আলতাফ হোসেন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মো. মাহাবুবুর রহমান মঞ্জু ও রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. আজম আলী, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ ও পুরাতন নবাবগঞ্জ বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম মুকুল।
আরও পড়ুন: ২৩ জুলাই থেকে বিদেশগামীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক
এ সময় বক্তব্য রাখেন নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আকবর আলী, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. সজিবর রহমান,সহ-সভাপতি আশরাফ আজাদ জরিপ, সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান রাজু, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আফছার আলী, কার্যকরী সদস্য ওমর ফারুক ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রতিনিধি মাহাবুব হাসান সোহেল।
অনুষ্ঠানে রসিক মেয়র মোস্তফা বলেন, ‘নবাবগঞ্জ বাজারের শোভাবর্ধনে প্রধান ফটকে একটি আকর্ষণীয় গেট স্থাপন করা হবে। এ ছাড়াও বাজারের সবগুলো পকেট গেট নির্মাণ এবং বাথরুম সংস্কার করা হবে।’
ইত্তেফাক/এএএম
