চট্টগ্রামের রাউজান আর.আর.এসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক খন্দকার মো. আলী (৬২) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার (১৯জুলাই) সকাল ৮টায় তিনি রাউজানস্থ নিজ বাসভবনে মারা যান।
তিনি উপজেলার রাউজান সদর ইউনিয়নের খন্দকার বাড়ির মরহুম মফিজ সারাংয়ের ছেলে এবং ওই স্কুলের উচ্চতর গণিত বিষয়ের শিক্ষক ছিলেন।
জানা গেছে, করোনা উপসর্গ থাকায় গত ১৬ জুলাই খন্দকার মো. আলীর শরীর থেকে সংগৃহীত নমুনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হয়। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় রিপোর্টে পজিটিভ আসে। পজিটিভ আসার ১২ ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: রডের পরিবর্তে বাঁশ: এবার নারী ইউপি সদস্য বরখাস্ত
রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দ্বীন বলেন, ‘খন্দকার মো. আলী মারা যাওয়ার আগে করোনা পজিটিভ আসে। তিনিসহ রাউজানে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।’
উল্লেখ্য, খন্দকার মো. আলী রাউজানের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত বিষয়ে বিনামূল্যে পাঠদান করতেন। প্রতিটি শিক্ষার্থীর কাছে তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে স্থান পেয়েছেন। তার মৃত্যুতে তার শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র মতে, রাউজানে এ পর্যন্ত ১ হাজার ৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল প্রাপ্ত ৯৫০ জনের মধ্যে আক্রান্ত ৩০২জন।
ইত্তেফাক/এএএম
