পাঁচবিবিতে নদীতে ডুবে র‌্যাব সদস্যের মৃত্যু

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০৯:৪২

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকসেবীকে ধাওয়া করতে গিয়ে ছোট যমুনা নদীতে ডুবে শাহেদুজ্জামান (৩৪) নামের এক  র‌্যাব সদস্য মারা গেছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে ।

মৃত শাহেদুজ্জামান দিনাজপুর জেলার বোঁচাগঞ্জ উপজেলার টেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, শনিবার বিকেলে উপজেলার বড়মানিক ছোট যমুনা নদী এলাকায় কয়েকজন মাদকসেবী মাদকসেবন করছে এমন সংবাদে  র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে ৪ জন মাদকসেবীকে আটক করে। এসময় টিম লিডার শাহেদুজ্জামানকে দেখতে না পেয়ে র‌্যাবের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে। পরে তাকে নদীর পানিতে ভাসতে দেখে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, মাদকসেবীকে ধরতে গিয়েই হয়ত নদীতে পরে দুর্ঘটনাটি ঘটেছে।

ইত্তেফাক/এমআরএম