ভারতীয় সেই জঙ্গি নেত্রীর উপযুক্ত শাস্তি চান বাবা-মা

আপডেট : ১৯ জুলাই ২০২০, ১৩:০৩

ভারত থেকে বাংলাদেশে জঙ্গি কার্যক্রম চালাতে এসে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের হাতে আটক হওয়া আয়েশা জান্নাত মোহনা ওরফে জান্নাতুত তাসনিমের উপযুক্ত শাস্তি দাবি করেছেন তার বাবা-মা । 

জানা গেছে, মোহনা ভারতের  নাগরিক।   হুগলি জেলার ধনেখালির গ্রামে জন্ম গ্রহণ করেন তিনি।   নারী জঙ্গি নেত্রী মোহনা ওরফে প্রজ্ঞা দেবনাথ পূর্বে ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। এলাকার এক বন্ধুর প্রভাবে ক্লাস নাইনে পড়ার সময়ে ধর্মান্তরিত হয়। অনলাইনে তার সঙ্গে আলাপ হয় জেএমবি-র নারী শাখার প্রধান আসমানি খাতুন আসমার। তারপরে সেও জেএমবিতে নাম লেখায়। 

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজকে জঙ্গি নেত্রী মোহনার বাবা-মা জানায়, ২০১৬ সালের ২৪ সেপ্টেম্বর বাড়ি ছাড়ে প্রজ্ঞা দেবনাথ। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি । নিখোঁজ হওয়ার দুদিন পর ইসলাম ধর্ম গ্রহণের পর বাবা-মাকে জানিয়েছিলেন প্রজ্ঞা। তবে বাবা-মা রাগ করে তখন তাকে বাড়ি ফিরতে নিষেধ করেন। 

এ নিয়ে জঙ্গি নেত্রী মোহনা ওরফে প্রজ্ঞ দেবনাথের মা গীতা দেবনাথ বলেন,   যদি বুঝিয়ে মেয়েটাকে ঘরে ফেরাতে পারতাম, তবে হয়তো এই দিন দেখতে হতো না। 

জানা গেছে, হিন্দু ধর্মের প্রতিও বেশ মনযোগী ছিলেন প্রজ্ঞা। এছাড়া সবার সঙ্গে কথাও কম বলতেন। প্রজ্ঞার জঙ্গি হয়ে উঠার কথা শুনে অবাক হয়েছেন প্রতিবেশীরাও।এ নিয়ে প্রজ্ঞার গ্রামেরই এক বয়স্ক ব্যক্তি বললেন,মেয়েটা জঙ্গি দলে নাম লেখাল! ভাবতেও কেমন লাগছে, খুব কম কথা বলত, মিশতও কম, তবে আচরণ দেখে কোনওদিন মনেই হয়নি জঙ্গি হবে!

প্রজ্ঞার বাবা প্রদীপ দেবনাথ দিনমজুরের কাজ করেন। তিনি বলেন, ফোনটাই কাল হয়েছে, কে যে ফোন করেছিল আর কীভাবে যে ওর মাথায় এসব ঢোকাল কে জানে!
  
 মেয়ের বিচার চেয়ে জঙ্গি নেত্রী মোহনা ওরফে প্রজ্ঞা দেবনাথের মা গীতা দেবনাথ বলেন,  ও যা দোষ করেছে, তার শাস্তি তো পেতেই হবে। 

ইত্তেফাক/এআর