মহিলা অঙ্গন প্রতিবেদক
চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) ঢাকার গবেষণাগারে নভেল করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিংয়ের কাজে নেতৃত্ব দেওয়া বাংলাদেশি অণু জীববিজ্ঞানী ড. সেঁজুতি সাহাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পোলিও ট্রানজিশন ইনডিপেনডেন্ট মনিটরিং বোর্ডের (টিআইএমবি) সদস্য করা হয়েছে। প্রথম বাংলাদেশি হিসেবে এই দায়িত্ব পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ফেইসবুক পোস্টে লেখেন, ‘এই প্রথম একজন বাংলাদেশিকে এমন একটি পদ দেওয়া হচ্ছে। আমি আমার সেরাটা দিয়েই আমাদের ও নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর (এলএমআইসি) পরিস্থিতি তুলে আনব।’ সিএইচআরএফের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেঁজুতির টিআইএমবির সদস্য হওয়ার এ খবর জানানো হয়। সেঁজুতি বর্তমানে বেসরকারি শিশুস্বাস্থ্য গবেষণা সংস্থা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনে কাজ করছেন। তার বাবা অধ্যাপক সমীর সাহাও একজন অণু জীববিজ্ঞানী এবং ঢাকা শিশু হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস স্বল্প আয়ের দেশগুলোতে শিশু মৃত্যুহার কমিয়ে আনতে এই বাবা ও মেয়ের ভূমিকার প্রশংসা করে গত জানুয়ারিতে একটি ব্লগ প্রকাশ করেন। তিনি ওই লেখার লিংক ফেইসবুকে শেয়ার করলে তাতে মন্তব্য করে সাধুবাদ জানান ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। গত মে মাসে বাংলাদেশে সংক্রমণ ঘটানো নতুন করোনা ভাইরাসের (সার্স সিওভি-২) জিনোম সিকোয়েন্স উন্মোচন করার ঘোষণা দেয় চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের বিজ্ঞানীরা। ওই দলের পুরোভাগে ছিলেন সেঁজুতি। হেলথ রিসার্চ ফাউন্ডেশনের ওয়েবসাইটে বলা হয়, এ বছর মোট তিন জন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে পোলিও ট্রানজিশন ইনডিপেনডেন্ট মনিটরিং বোর্ডে।
