সঙ্গীত চক্রের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৯:২৭

নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন জয়পুরহাট সঙ্গীত চক্রের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গত মঙ্গলবার রাতে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ উপলক্ষে আলোচনা সভা, বিশিষ্ট নাট্য ও সঙ্গীতশিল্পীদের সম্মাননা প্রদান, নাটক মঞ্চায়নসহ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট সঙ্গীত চক্রের সভাপতি মাহামুদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, নারী ও শিশু-নির্যাতন দমনের বিশেষ আদালতের বিচারক মাহামুদুল হক, জয়পুরহাট-২০ ব্যাটেলিয়ন  বিজিবির অধিনায়ক কর্ণেল রাশেদ মো. আনিসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম হক্কানী প্রমুখ।

আলোচনা শেষে জেলার বিশিষ্ট নাট্যশিল্পী কাজী রেজাউল করিম, বকুল সওদাগর, উত্পল কুমার মণ্ডল, মো. হেলাল উদ্দীন, মো. আজাহার আলী সরদার ও ছরোয়ার জাহান এবং সঙ্গীতে ওস্তাদ সূনীল দাস ও আহাম্মেদ মোশাররফ নান্নুকে সম্মাননা প্রদান করা হয়। পরে সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জয়পুরহাট সঙ্গীত চক্র ও সারগাম সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ। সবশেষে বিমল বন্দ্যোপাধ্যায় রচিত ও উত্পল কুমার মণ্ডলের পরিচালনায় ‘একটি অবাস্তব গল্প’ নাটক মঞ্চায়ন করা হয়। জয়পুরহাট থেয়েটার এই নাটক মঞ্চস্থ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খ ম আব্দুর রহমান রনি ও আল ওবেদী সবুজ।