হবিগঞ্জে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ আহত ২৫

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২১:০৮

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল-শান্তিসা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। গত শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৯ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করার পর আশঙ্কাজনক অবস্থায় কদ্দুছ আলীকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের মুহিব উল্লার পুত্র কদ্দুছ আলীর সাথে প্রতিবেশী রমিজ মিয়ার পুত্র সাজিদুর রহমান লাউসের বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা-মোকদ্দমাও রয়েছে। এরই জের ধরে গত শুক্রবার উল্লিখিত সময়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে আছিয়া খাতুন (৫০), শামছুন্নাহার (৬০), সাইফুল ইসলাম (১৫), তাউছ মিয়া (১৪), লাউস মিয়া (২৫), আল আমিন (৩৫), মনোয়ারা বেগম (৫০), নার্গিস বেগম (৩২)-কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এবং অন্যদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা দেয়া হয়।