আরব আমিরাতে আইপিএল!

আপডেট : ১৯ জুলাই ২০২০, ২০:৪৪

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের জের ধরে কয়েক দফা পিছিয়ে দেওয়া হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। চলতি বছর আদৌ এই আসর মাঠে গড়াবে কি না—সেই নিয়ে আছে সন্দেহ। আর সেটা হলেও ভারতে যে হবে না, তা একরকম নিশ্চিত। বিকল্প ভেন্যু হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জানিয়েছে ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো।

দেশটিতে টুর্নামেন্ট আয়োজনে ও ক্রিকেটার-কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার ভ্রমণের অনুমতি চেয়ে এর মধ্যেই ভারত সরকারের কাছে আবেদন করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হওয়ার ঘোষণা আসলেই বিসিসিআই চূড়ান্ত ঘোষণা দেবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত্ নিয়ে আইসিসির ভার্চুয়াল সভা সোমবার। বিশ্বকাপ পিছিয়ে যাওয়া প্রায় শতভাগ নিশ্চিত। করোনা ভাইরাস পরিস্থিতিতে গত এপ্রিলে পিছিয়ে দেওয়া হয় এবারের আইপিএল। বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিলের শুক্রবারের সভায় আলোচনা করা হয়েছে এবারের আসর পুরোটাই আরব আমিরাতে আয়োজন করা নিয়ে। আরব আমিরাতের তিন মূল ভেন্যু, দুবাই, আবুধাবি ও শারজাহতে খেলা হবে। যেহেতু দর্শকশূন্য মাঠে হবে খেলা, দুবাইয়ে আইসিসি একাডেমির মাঠও কাজে লাগানো হতে পারে। এর আগে ভারতের জাতীয় নির্বাচনের কারণে ২০১৪ আইপিএলের প্রথম ২০ ম্যাচ হয়েছিল দেশটিতে। একই কারণে ২০০৯ আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়।