হবিগঞ্জে জি কে গউছের বিরুদ্ধে আরো একটি মামলা

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২১:০৮

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলার অভিযোগে হবিগঞ্জ-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী জি কে গউছের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার বিকালে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন শহরের ইনাতাবাদ এলাকার আব্দুর রহিম নামে এক ব্যক্তি। মামলায় জি কে গউছ ও তার ভাই জি কে গাফফারসহ বিএনপি’র ৪৪ জন নেতাকর্মীকে আসামি করা হয়। নির্বাচনের পর জি কে গউছের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে এনিয়ে ৪টি মামলা দায়ের করা হলো।

মামলার বিবরণে প্রকাশ, গত ৩০ ডিসেম্বর (ভোটের দিন) রবিবার বিকালে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী সদ্য সাবেক পৌর মেয়র জি কে গউছের নির্দেশে উল্লিখিত আসামিরা হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা চালিয়ে দখলের চেষ্টা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলার ঘটনায় অংশ নেয় হবিগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আবুল হাশিম, জেলা জাসাসের সাবেক সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, টিপু চৌধুরী, আমজাদ হোসেন মনিসহ একদল লোক।