ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর

আগৈলঝাড়ায় খালের বাঁধ অপসারণের নির্দেশ

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২১:০৯

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় প্রধান খালে বাঁধ দেয়ায় স্থানীয় কৃষকরা বিপাকে পড়েছে। ইত্তেফাকে গত বৃহস্পতিবার সচিত্র সংবাদ প্রকাশের পর শনিবার দুপুরে ওই বাঁধ পরিদর্শন করেছেন বরিশাল কৃষি বিভাগের উপ-পরিচালক হরিদাস শিকারি। এসময় তিনি বাঁধ অপসারণের নির্দেশ দেন।

ভুক্তভোগী কৃষককেরা জানান, সমন্বয়হীনতার কারণে বরিশাল সওজ’র সড়ক উন্নয়ন কাজের জন্য উপজেলার প্রধান খালে বাঁধ দেয়ায় আগৈলঝাড়ার পাঁচ সহস্রাধিক কৃষক পানির অভাবে ধান রোপণ করতে পারছেন না। খালে দেয়া ওই দুটি বাঁধ দ্রুত অপসারণ না করলে উপজেলা সদরের উরাঞ্চল ও পূর্বাঞ্চল বিশেষ করে রাজিহার ও গৈলা ইউনিয়নের সমগ্র এলাকা এবং বাকাল ইউনিয়নের আংশিক এলাকায় পানি সেচ বন্ধ থাকায় কৃষকদের কাঙ্ক্ষিত উত্পাদনে নেতিবাচক প্রভাব পড়বে।

সংশ্লিষ্ট কৃষকরা জানিয়েছেন, বরিশাল সড়ক বিভাগের আওতায় উপজেলা সদর থেকে ঘোষেরহাট পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের গাইড ওয়াল নির্মাণের লক্ষ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা অন্তত ১৫ দিন আগে ওই দুটি খালের মুখে বাঁধ দেয়। বাঁধ দেয়ার সময় উপজেলা কৃষি বিভাগ থেকে চাষিদের কোনো আপত্তিই কানে তুলেনি তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, বাঁধের কারণে চাষিদের চাষাবাদ ব্যাহত হচ্ছে। বাঁধ অপসারণের জন্য তিনি বরিশাল জেলা প্রশাসক, সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী, নির্বাহী প্রকৗশলী, সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে কয়েক দফা কথা বলেছেন।

বরিশাল কৃষি বিভাগের উপ-পরিচালক হরিদাস শিকারী শনিবার বাঁধ পরিদর্শন শেষে এই প্রতিনিধিকে বলেছেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে বাঁধ অপসারণ করতে বলা হয়েছে। নির্বাহী প্রকৌশলী সংশ্লিষ্ট ঠিকাদারকে বাঁধ অপসারণের নির্দেশ প্রদান করেছেন।