শিরোপা জয়ই লক্ষ্য স্মিথের

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২১:১১

কুয়াশাচ্ছন্ন শীতের সকাল। বিসিবি একাডেমি মাঠে মিডিয়ার জন্য তৈরি করা বেষ্টনিতে দাঁড়িয়ে জনা পনের পুলিশ। সবার চোখের দৃষ্টি নিবদ্ধ একাডেমির পূর্বদিকের শেষ নেটে। সেখানে তখন ব্যাটিংয়ে ব্যস্ত স্টিভ স্মিথ। পাশের নেটেই ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। কিন্তু সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে শুধুই স্মিথ। কারণ ক্যারিয়ারের সায়াহ্নে চলে আসা ‘বুমবুম’ আফ্রিদি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে এখন আর রোমাঞ্চের নতুন খোরাক অবশ্যই নন। ক্রিকেটের নিমিত্তে প্রতিবছরই এই ব-দ্বীপে এসে থাকেন আফ্রিদি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে খেলতে ঢাকায় এখন অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক। কুয়াশার জাল থাকলেও গতকাল একাডেমির নেটে প্রথমবার বিপিএল খেলতে আসা স্মিথকে দূর থেকে চিনতে সমস্যা হয়নি তার সহজাত ঢঙের ব্যাটিংয়ের কারণে। নেটে মিনিট বিশেক পেস বোলার, স্পিনারদের খেলেছেন। বড় শট খেলার চেষ্টাই বেশি ছিল। প্রতিটা বল খেলেই স্বভাবসুলভ দুই প্যাডে হাত ছোঁয়ানো, হাই ব্যাক লিফট, জায়গা করে নিয়ে পুল-কাট সব শটই দেখিয়েছেন। ব্যাটিং শেষে এসে অফিসিয়াল জার্সির ফটোসেশনে অংশ নিয়েছেন। তারপর শহীদ আফ্রিদির সঙ্গে ক্যাচ অনুশীলন করেছেন। আবার চেয়ারে বসে একটু বিশ্রাম।

দশ মিনিট পর আবার ব্যাট-প্যাড নিয়ে ছুটলেন নেটে। দ্বিতীয়বার ব্যাটিং করলেন স্মিথ। এবার থ্রোয়ার দিয়ে দ্রুতগতির বল খেলার চেষ্টা। কুমিল্লার হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও টিম বয় বুলবুল থ্রোয়ার দিয়ে ক্রমাগত বল ছুঁড়লেন স্মিথকে। ততক্ষণে বাকি নেটগুলো ফাঁকা। সবার ব্যাটিং অনুশীলন শেষ। নেট পাল্টে পাল্টে বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান ব্যাটিং করলেন প্রায় আরও ১৫ মিনিট। পরে আলোকচিত্রীদের অনুরোধে কুমিল্লার জার্সি গায়ে আফ্রিদিকে নিয়ে ছবি তুললেন। স্মিথ যখন ফেরার পথ ধরেছেন ততক্ষণে মাঠে সংবাদকর্মীদের বড় বহর হাজির হয়ে গেছে। সেই সকাল থেকে ঠায় দাঁড়িয়ে থাকা পুলিশ বাহিনীর সদস্যদের সঙ্গে ছবি তুলেছেন। তাদের আবদার মিটিয়ে সেলফি তুলতে দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন না বলে জানিয়ে দিয়েছিলেন।

একাডেমির করিডোরে স্মিথের কাছে এই প্রতিবেদকের প্রশ্ন ছিল, প্রথম দিনটা কেমন কাটলো? ২৯ বছর বয়সী এই ক্রিকেটার বলেছেন, ‘হ্যাঁ, দারুণ।’ দলের সঙ্গে খুব বেশি সময় কাটাতে পারেননি। তারপরও পরিবেশটা উপভোগ করছেন বলেই জানিয়েছেন বল টেম্পারিংয়ের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে একবছর নিষিদ্ধ হওয়া স্মিথ।

টিম বাসে উঠার আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল ট্রফি জিততে চান কিনা জানতে চাইলে অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই।’

স্মিথ, আফ্রিদি, এভিন লুইস, লিয়াম ডসন, আমের ইয়ামিন, সালমাখেলসহ দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে গতকাল অনুশীলন সেরেছে কুমিল্লা। স্মিথকে পূর্ণ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন ইমরুল কায়েস। এমনকি এই অস্ট্রেলিয়ান দ্রুত মানিয়ে নিবেন বলেও আশা ইমরুলের। গতকাল অনুশীলন শেষে স্মিথের আগমন নিয়ে বাঁহাতি এই ওপেনার বলেছেন, ‘ও (স্মিথ) আসলে গতকাল (শুক্রবার) আসছে। আমাদের সাথে এসে মনে হচ্ছে অনেক আগে থেকে পরিচয় আছে এবং যেরকম ব্যবহার দেখাচ্ছে মনে হয় না কোনো সমস্যা হবে। সে একজন পেশাদার ক্রিকেটার, আমার কাছে মনে হয় সব ভালোভাবে মানিয়ে নিতে পারবে। আমরা তাকে সাহায্য করবো যতটুকু করলে আমাদের টিমের জন্য ভালো হয়।’